জৈন্তাপুরে এসএসসি ও সমমানে পাসের হার ৬১.৮১ শতাংশ
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৩:৪২ PM

জৈন্তাপুরে এসএসসি ও সমমানে পাসের হার ৬১.৮১ শতাংশ

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ১০/০৮/২০২৬ ০২:০৫:৪০ PM

জৈন্তাপুরে এসএসসি ও সমমানে পাসের হার ৬১.৮১ শতাংশ


সিলেটের জৈন্তাপুর উপজেলায় ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট ১ হাজার ৬৪৭ জন পরীক্ষার্থীর মধ্যে ১ হাজার ১৮ জন পাস করেছে। উপজেলায় এবার মোট পাসের হার ৬১ দশমিক ৮১ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ২৮ জন শিক্ষার্থী।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, চলতি বছরের এসএসসি পরীক্ষায় জৈন্তাপুর উপজেলার ১৫টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মোট ১ হাজার ২২৩ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে পাস করেছে ৭৩৯ জন। পাসের হার ৬০ দশমিক ৪২ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ২৩ জন।

এসএসসিতে উপজেলার মধ্যে সর্বোচ্চ পাসের হার অর্জন করেছে সেন্ট্রাল জৈন্তা উচ্চবিদ্যালয়। প্রতিষ্ঠানটির ১২২ জন পরীক্ষার্থীর মধ্যে ১০৪ জন পাস করেছে। পাসের হার ৮৫ দশমিক ২৫ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে এই প্রতিষ্ঠানের ৭ জন।

এছাড়া খাজার মোকাম উচ্চবিদ্যালয় ও বাউরভাগ উচ্চবিদ্যালয়ে পাসের হার ৭৬ শতাংশ। জৈন্তিয়াপুর বালিকা উচ্চবিদ্যালয়ে ৬৭ দশমিক ৪৪ শতাংশ, রমজান রুপজান বাগেরখাল একাডেমিতে ৬৬ দশমিক ৯৫ শতাংশ এবং রাংপানি ক্যাপ্টেন রশিদ স্কুল অ্যান্ড কলেজে ৬৪ দশমিক ৪১ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।

অন্যদিকে, জৈন্তাপুর সরকারি উচ্চবিদ্যালয়ে পাসের হার ৬০ শতাংশ, চিকনাগোল আদর্শ উচ্চবিদ্যালয়ে ৬০ দশমিক ১৯ শতাংশ, চারিকাটা উচ্চবিদ্যালয়ে ৬৮ শতাংশ, সারীঘাট উচ্চবিদ্যালয়ে ৪৮ দশমিক ১০ শতাংশ, জৈন্তাপুর বিয়াম ডাঃ কুদরত উল্লাহ স্কুল অ্যান্ড কলেজে ৪৭ দশমিক ৮৩ শতাংশ এবং হরিপুর বহুমুখী উচ্চবিদ্যালয়ে ৪২ দশমিক ৫৭ শতাংশ।

এদিকে, এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় উপজেলার ৫টি প্রতিষ্ঠানের মোট ২৪৮ জন পরীক্ষার্থীর মধ্যে ১৩৪ জন পাস করেছে। পাসের হার ৫৪ দশমিক ০৩ শতাংশ। এ শাখায় জিপিএ-৫ পেয়েছে ১ জন।

অন্যদিকে, ২০২৬ সালের দাখিল পরীক্ষায় উপজেলার ৪টি মাদ্রাসা থেকে মোট ১৭৬ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ১৪৫ জন পাস করেছে। পাসের হার ৮২ দশমিক ৩৮ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৪ জন। দাখিলে সর্বোচ্চ পাসের হার খরিল নেজামুল উলুম ফাযিল মাদ্রাসায়, ৯১ দশমিক ৪৮ শতাংশ।

জৈন্তাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) অভিজিৎ কুমার পাল স্বাক্ষরিত ১০ আগস্টের ফলাফল বিবরণীতে এসব তথ্য জানানো হয়েছে।

জৈন্তাবার্তা/আরআর