‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে হবিগঞ্জের মাধবপুরে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে মাছের পোনা অবমুক্ত, বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রবিবার (১৬ আগস্ট) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করার মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে একটি বর্ণাঢ্য র্যালি মাধবপুর পৌরসভার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
র্যালি শেষে উপজেলা পরিষদের হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদি হাসানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও হবিগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি সৈয়দ মোহাম্মদ শাহজাহান।
সভায় বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মিঠুন সরকার, চেয়ারম্যান মো. মাহবুবুর রহমান সোহাগ, মাধবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন চৌধুরী, সাংবাদিক আলাউদ্দিন আল রনি, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. কবির খান চৌধুরী, সিরাজুল ইসলাম তানজিল, সুকোমল দাস, ফারুক রানা প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা মাধবপুরের শিল্পকারখানাগুলোতে বর্জ্য ব্যবস্থাপনার জন্য কার্যকর ইটিপি ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে মাছের প্রজনন ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় কারেন্ট জাল ও চায়না দুয়ারি জালের ব্যবহার বন্ধে জাল ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর আহ্বান জানান।
বক্তারা বলেন, মৎস্যসম্পদ দেশের অর্থনীতি ও মানুষের পুষ্টির অন্যতম গুরুত্বপূর্ণ উৎস। তাই দেশীয় মাছের প্রজনন ও উৎপাদন বাড়াতে জলাশয় সংরক্ষণ এবং ক্ষতিকর জালের ব্যবহার বন্ধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
জৈন্তাবার্তা/আরআর




