ছবি:সংগৃহীত
ভিক্ষুক ও হিজড়া জনগোষ্ঠীর পুনর্বাসন এবং সিলেট নগরের ফুটপাত ও সড়ক দখলমুক্ত করার দাবিতে আগামী ২৪ আগস্ট ৩০ মিনিটের অবস্থান কর্মসূচি পালন করবে বৃহত্তর সিলেটের অরাজনৈতিক কল্যাণমূলক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিলেট কল্যাণ সংস্থা (সিকস), সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা ও সিলেট প্রবাসী কল্যাণ সংস্থা।
শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা ৭টায় সিকসের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত ২০২৬ সালের ৩১তম সাপ্তাহিক সভায় এ কর্মসূচির সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় গত ১০ আগস্ট সিম কোম্পানিগুলোর মেয়াদের বাহানা বন্ধ এবং অহেতুক সিমের প্যাকেজের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আয়োজিত গণজমায়েতের পর্যালোচনা করা হয়। একই সঙ্গে সাংগঠনিক কর্মকাণ্ডে ভূমিকা রাখায় সদস্যদের মধ্যে সাংগঠনিক স্মারক প্রদান করা হয়।
সভায় ভিক্ষুক ও হিজড়া জনগোষ্ঠীর পুনর্বাসন এবং নগরের ফুটপাত ও সড়ক দখলমুক্ত করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। পরে উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে আগামী ২৪ আগস্ট সোমবার বেলা ১১টায় সিলেট জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে ৩০ মিনিটের অবস্থান কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় বক্তারা বলেন, রাস্তাঘাট, বাসস্ট্যান্ড, রেলস্টেশন, বিমানবন্দর ও ট্রাফিক সিগন্যালে পথচারী এবং যানবাহনের যাত্রীদের পথ আটকে জোরপূর্বক অর্থ দাবি করার অভিযোগ রয়েছে। তাঁদের দাবি, প্রকৃত হিজড়া ও প্রতিবন্ধী ভিক্ষুকদের পাশাপাশি একটি শ্রেণি কৃত্রিমভাবে হিজড়া সেজে এবং সুস্থ ব্যক্তিরা ভিক্ষাবৃত্তির মাধ্যমে এ ধরনের কর্মকাণ্ড চালাচ্ছেন।
বক্তারা বলেন, হিজড়া ও প্রতিবন্ধী ভিক্ষুক জনগোষ্ঠী সমাজেরই অংশ। তাঁদের মৌলিক অধিকারের বিরোধিতা করা হয় না। তবে সাহায্যের নামে সাধারণ মানুষকে জিম্মি করে অর্থ আদায় কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের কর্মকাণ্ডে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে এবং সাধারণ মানুষ ভোগান্তির শিকার হচ্ছেন।
সভায় বক্তারা আরও বলেন, সিলেট নগরের বিভিন্ন এলাকায় ফুটপাত ও সড়ক দখল এখন নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে। ব্যস্ততম এলাকাগুলোর অনেক জায়গায় ফুটপাত দখল করে দোকানপাট বসানো হয়েছে। কোথাও কোথাও ফুটপাত ছাড়িয়ে মূল সড়কেও পণ্যের পসরা সাজিয়ে ব্যবসা পরিচালনা করা হচ্ছে। এতে পথচারীদের চলাচলে দুর্ভোগ বাড়ছে।
তাঁরা আরও বলেন, কোথাও নির্মাণসামগ্রী দীর্ঘদিন সড়ক বা ফুটপাতের ওপর ফেলে রাখা হচ্ছে। অন্যদিকে যত্রতত্র গাড়ি পার্কিং এবং ফুটপাত দখল করে স্থায়ী-অস্থায়ী দোকান নির্মাণ নগরের যানজটের অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে। ফুটপাত দখলের কারণে শিক্ষার্থীসহ সর্বস্তরের পথচারী চরম দুর্ভোগের শিকার হচ্ছেন।
জাতীয় যুব দিবস ২০১০-এ জাতীয় যুব পুরস্কার শ্রেষ্ঠ যুব সংগঠক পদকপ্রাপ্ত, সংগঠনগুলোর প্রতিষ্ঠাতা সভাপতি এবং সিলেট কল্যাণ সংস্থার কার্যকরী কমিটির সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহেরের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়। সিবিযুকসের সিলেট মহানগর কমিটির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাহফুজুর রহমান সভা পরিচালনা করেন।
সভায় স্বাগত বক্তব্য দেন সিবিযুকসের বিভাগীয় কমিটির সিনিয়র সহ-সাংগঠনিক সম্পাদক চিত্ত রঞ্জন দাস। দাবির প্রতি গুরুত্বারোপ করে বক্তব্য দেন সিবিযুকসের বিভাগীয় কমিটির সভাপতি মো. আজিজুর রহমান আজিজ, সিলেট মহানগর কমিটির সভাপতি জাকারিয়া মোহাম্মদ সালাহউদ্দিন সাকের এবং সাধারণ সম্পাদক মো. মাহবুব ইকবাল মুন্না।
এ ছাড়া বক্তব্য দেন সিবিযুকসের সহ-সভাপতি রোকনে আলম চৌধুরী, এম.এ. আলী জালালাবাদী, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুস সালাম, সহ-সাংগঠনিক সম্পাদক মো. মহিবুর রহমান মুহিব, সহ-অর্থ সম্পাদক পিযোষ মোদক, মো. ইকবাল হোসেন, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. সাহেদ আহমদ শান্ত, সহ-দপ্তর সম্পাদক সুধাংশু শেখর দাস, সহ-আন্তর্জাতিক সম্পাদক মো. সেলিম খান, যোগাযোগ ও সমন্বয় সম্পাদক শংকর বিশ্বাস, সহ-যোগাযোগ ও সমন্বয় সম্পাদক মো. পিকুল হোসেন, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক কবি মকসুদ আহমদ লাল, বিভাগীয় কমিটির সদস্য মো. তানজিদ আহমদ আনন্দ, সিলেট মহানগর কমিটির সহ-সাধারণ সম্পাদক দিপক কুমার মোদক বিলু, মহানগর কমিটির সদস্য মো. জুয়েল মিয়া ও মো. সাগর।
এ সময় সমাজ সচেতন নাগরিকদের মধ্যে মলয় বিকাশ দাস, মো. গৌরস আলী, দিলীপ আচার্য, মো. আনিসুল হক ও হরিমোহন রায় বক্তব্য দেন।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




