ছবি:সংগৃহীত
সিলেট মহানগর পুলিশের (এসএমপি) পৃথক অভিযানে প্রায় ২৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে। এসব অভিযানে তিনজনকে গ্রেপ্তার এবং দুটি পিকআপ ও একটি নোহা গাড়ি আটক করা হয়েছে।
শনিবার (২২ আগস্ট) এসএমপির মিডিয়া সেল থেকে পাঠানো পৃথক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, গত ২০ আগস্ট রাত সোয়া ৯টার দিকে শাহপরান (রহ.) থানার বিআইডিসি এলাকার সিলেট-তামাবিল মহাসড়কের সূচনা কমিউনিটি সেন্টারের সামনে অভিযান চালিয়ে একটি নোহা গাড়িতে তল্লাশি করা হয়। এ সময় গাড়ি থেকে ৩৪৯টি ভারতীয় শাড়ি ও ২৫টি থ্রি-পিস জব্দ করা হয়। এসব পণ্যের আনুমানিক মূল্য ১১ লাখ ২২ হাজার টাকা।
এ ঘটনায় জৈন্তাপুরের চিকনাগুল ইউনিয়নের পানিছড়া এলাকার ফখরুল ইসলাম (৩০) নামের একজনকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় শাহপরান (রহ.) থানায় মামলা হয়েছে।
অন্যদিকে, গত ২১ আগস্ট সকাল পৌনে ১০টার দিকে এয়ারপোর্ট থানার সাহেববাজার-কান্দিপাড়া এলাকায় অভিযান চালিয়ে একটি মিনি কাভার্ড ভ্যান থেকে ৪০ বস্তায় ২ হাজার কেজি ভারতীয় চা-পাতা জব্দ করা হয়। জব্দ করা চা-পাতার আনুমানিক মূল্য ৮ লাখ টাকা। এ ঘটনায় তোফায়েল (২৪) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে এয়ারপোর্ট থানায় মামলা করা হয়েছে।
এ ছাড়া একই দিন দুপুর পৌনে ২টার দিকে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) শাহপরান (রহ.) থানার গেইলপাড়া-বটেশ্বর বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় একটি পিকআপে তল্লাশি চালিয়ে ৫১০ কেজি ভারতীয় কাজুবাদাম, ১ হাজার ৪৩০ পিস ভারতীয় চকলেট এবং ৩ হাজার ৪২০ পিস ক্লপ জি ক্রিম জব্দ করা হয়। এসব পণ্যের আনুমানিক মূল্য ৮ লাখ ৩১ হাজার ৫০০ টাকা।
এ ঘটনায় গোয়াইনঘাটের ফতেপুর এলাকার মো. আব্দুল কাদির (২৪) নামের একজনকে গ্রেপ্তার এবং পিকআপটি আটক করা হয়। তাঁর বিরুদ্ধে শাহপরান (রহ.) থানায় মামলা করা হয়েছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, তিনটি ঘটনায়ই দ্য স্পেশাল পাওয়ারস অ্যাক্ট, ১৯৭৪-এর ২৫বি(১)(বি)/২৫ডি ধারায় মামলা করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে সোপর্দ করা হয়েছে।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




