এআই প্রযুক্তিতে ছবি বি/কৃত করে ছড়ানোর অভিযোগে প্রেমিক-প্রেমিকা গ্রে/প্তার
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩১ PM

এআই প্রযুক্তিতে ছবি বি/কৃত করে ছড়ানোর অভিযোগে প্রেমিক-প্রেমিকা গ্রে/প্তার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২২/০৯/২০২৬ ০৮:৩৫:০৩ PM

এআই প্রযুক্তিতে ছবি বি/কৃত করে ছড়ানোর অভিযোগে প্রেমিক-প্রেমিকা গ্রে/প্তার

ছবি:সংগৃহীত


সিলেটে সাইবার মামলায় প্রেমিক-প্রেমিকা হিসেবে পরিচিত এক তরুণ-তরুণীকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ভুক্তভোগী এক নারীর ছবি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে বিকৃত ও কুরুচিপূর্ণভাবে সম্পাদনা করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দুজন হলেন সুনামগঞ্জের দিরাই উপজেলার রফিনগর ইউনিয়নের সজনপুর গ্রামের নগেন্দ্র সরকারের ছেলে পিকলু সরকার (৩০) এবং খাঘাউড়া গ্রামের রমা তালুকদারের মেয়ে তুষ্টি তালুকদার (২৮)।

পিবিআই সূত্রে জানা গেছে, গত সোমবার (২১ সেপ্টেম্বর) সিলেটে দায়ের করা একটি সাইবার মামলার তদন্তে তাদের গ্রেপ্তার করা হয়।

মামলার নথি সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারী সাইবার সুরক্ষা আইন, ২০২৬-এর ১৮, ২৫ ও ২৭ ধারায় মামলা করেন। মামলার অভিযোগে বলা হয়েছে, আসামিদের নামে থাকা ফেসবুক আইডি থেকে ভুক্তভোগীর ছবি সংগ্রহ করা হয়। পরে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করে ওই ছবি বিকৃত ও কুরুচিপূর্ণভাবে সম্পাদনা করা হয়।

অভিযোগে আরও বলা হয়, সম্পাদিত ছবিটি পিকলু সরকারের সঙ্গে যুক্ত করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হয়। পরে ওই ছবি ও ভিডিও ভুক্তভোগীর স্বামী ও পরিবারের সদস্যদের মোবাইল ফোনে পাঠানো হয়। বিষয়টি জানার পর ভুক্তভোগী আইনগত ব্যবস্থা নেন। এরপর মামলাটির তদন্তের দায়িত্ব পায় পিবিআই সিলেট।

তদন্তে পাওয়া তথ্য-প্রমাণের ভিত্তিতে পিকলু সরকার ও তুষ্টি তালুকদারকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের আদালতে হাজির করা হলে পিকলু সরকার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। আদালত তার জবানবন্দি গ্রহণ করে মামলার তদন্ত অব্যাহত রাখার নির্দেশ দেন।

তদন্তসংশ্লিষ্টরা জানান, মামলার সঙ্গে সংশ্লিষ্ট ইলেকট্রনিক ও ডিজিটাল ডিভাইসগুলো ফরেনসিক পরীক্ষার আওতায় আনা হবে। পাশাপাশি ঘটনায় কার কী ধরনের সম্পৃক্ততা রয়েছে, তা যাচাই করতে অন্যান্য তথ্য-প্রমাণও পরীক্ষা করা হচ্ছে। তদন্ত শেষে আদালতে প্রতিবেদন দাখিল করা হবে বলে জানিয়েছে পিবিআই।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ