স*ন্ত্রাস-নৈ*রাজ্য সৃষ্টিকারীদের আর ঠাঁই হবে না: মুক্তাদির
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৪ PM

সিলেটে যুবদলের সমাবেশ ও ওয়ার্ড বিএনপি নেতাকর্মীদের সঙ্গে মুক্তাদিরের মতবিনিময়

স*ন্ত্রাস-নৈ*রাজ্য সৃষ্টিকারীদের আর ঠাঁই হবে না: মুক্তাদির

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২/০৯/২০২৬ ০৯:১৪:৪১ PM

স*ন্ত্রাস-নৈ*রাজ্য সৃষ্টিকারীদের আর ঠাঁই হবে না: মুক্তাদির

ছবি:সংগৃহীত


বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন, বাংলাদেশের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। প্রতিকূল পরিস্থিতিতেও দলের নেতাকর্মীরা রাজপথে ছিলেন, আছেন এবং ভবিষ্যতেও থাকবেন। সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টিকারীদের বাংলাদেশে আর কোনো ঠাঁই হবে না।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে সিলেটের ঐতিহাসিক রেজিস্ট্রারি মাঠে জেলা ও মহানগর যুবদল আয়োজিত ‘পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার’ প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, দেশের ছাত্র, যুবক, তরুণ-তরুণীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অন্যায় ও অনিয়মের বিরুদ্ধে রাজপথে অবস্থান নিয়েছেন। পুণ্যভূমি সিলেটে কোনো ধরনের অন্যায় বা অনিয়মের স্থান হবে না।

তিনি বলেন, স্বাধীনতার পর দীর্ঘদিন ধরে সিলেট নগরীতে নাগরিকদের হাঁটাচলা ও বিনোদনের জন্য পর্যাপ্ত উন্মুক্ত স্থান ছিল না। পুরোনো জেলখানার প্রায় সাড়ে ১০ একর জায়গায় আন্তর্জাতিক মানের দৃষ্টিনন্দন পার্ক নির্মাণ করা হবে। এর পাশেই একটি সমৃদ্ধ জাদুঘর প্রতিষ্ঠা করা হবে।

সিলেট নগরের দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা সমাধানে প্রায় ৪ হাজার কোটি টাকার একটি মেগা প্রকল্প গ্রহণ করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এ প্রকল্প বাস্তবায়িত হলে নগরবাসীর দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা নিরসনে গুরুত্বপূর্ণ অগ্রগতি হবে।

এ সময় সিলেট জেলা ও মহানগর যুবদলের নতুন কমিটি অনুমোদন দেওয়ায় দলের চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানান তিনি।

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী এবং জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু।

সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুস সালাম টিপু ও মহানগর যুবদলের সাধারণ সম্পাদক দিলওয়ার হোসেন দিনারের যৌথ সঞ্চালনায় সমাবেশে জেলা ও মহানগর যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন। এ ছাড়া জেলার ১৩টি উপজেলা, পাঁচটি পৌরসভা এবং মহানগরের ৪২টি ওয়ার্ড ও ছয়টি থানার বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

১৪ নম্বর ওয়ার্ড বিএনপি নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়

এর আগে মঙ্গলবার বিকেলে নগরীর ছড়ারপাড় এলাকায় সিলেট মহানগর বিএনপির সাবেক সিনিয়র সাংগঠনিক সম্পাদক, ১৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ও সাবেক কাউন্সিলর নজরুল ইসলাম মুনিমের বাসভবনে ১৪ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

এ সময় তিনি বলেন, দলকে সুসংগঠিত ও শক্তিশালী রাখতে প্রতিটি ওয়ার্ড পর্যায়ে বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তৃণমূলের ত্যাগী নেতাকর্মীদের সমন্বয়ের মাধ্যমে দলকে আরও সুদৃঢ় ভিত্তির ওপর দাঁড় করাতে হবে।

সৌজন্য সাক্ষাতে সিলেট জেলা বিএনপির সভাপতি ও সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা এবং ১৪ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ ছাড়া জেলা ও মহানগর যুবদলের নবগঠিত কমিটির নেতারাও উপস্থিত ছিলেন।


জৈন্তা বার্তা/ ওয়াদুদ