ছবি:সংগৃহীত
সিলেটের মোগলাবাজারে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিলের প্রস্তুতিকালে আটক ৩০ জনকে আদালতে সোপর্দ করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ৫ম আমলি আদালতে তাদের হাজির করা হলে বিচারক জামিন আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে বৃহস্পতিবার সকালে মোগলাবাজার থানাধীন শ্রীরামপুর বাইপাস এলাকায় মিছিলের প্রস্তুতি নেওয়ার খবর পেয়ে অভিযান চালায় পুলিশ। এ সময় দুটি হাইয়েস গাড়ি আটক করে পুলিশ। গাড়ি দুটিতে থাকা ৩০ জনকে আটক করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও দুটি হাইয়েস গাড়ি ও কয়েকটি মোটরসাইকেলে থাকা কয়েকজন পালিয়ে যান।
পুলিশের দাবি, আটক ব্যক্তিরা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। তাদের কাছ থেকে মিছিল-সংক্রান্ত বিভিন্ন সরঞ্জাম পাওয়ার কথাও জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় আটক ৩০ জনসহ মোট ৩১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২৫ থেকে ৩০ জনকে আসামি করে মোগলাবাজার থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে।
মামলায় পলাতক আসামি হিসেবে শাহপরাণ থানাধীন শিবগঞ্জ হাতিমবাগ এলাকার উছতার আলীর ছেলে আবদুল হামিদ (২৩)-এর নাম উল্লেখ করা হয়েছে।
আটক ৩০ জনের বেশিরভাগই সিলেট নগরীর তেররতন এলাকার বিভিন্ন কলোনির বাসিন্দা এবং তাদের কয়েকজনের বয়স ১৮ বছরের নিচে।
আটক ব্যক্তিরা হলেন-তেররতনের সৈয়দ আলিফের ভাড়াটিয়া সাজু আহমদ (২১), একই এলাকার জীবন মিয়া (২১), আরজু মিয়ার কলোনির মাহবুবুর রহমান রনি (২০), আলাল মিয়ার কলোনির তাজু ইসলাম নাহিদ (১৯), মো. রাসেল (১৬), সাকিব আল হাসান (১৬), শেখ রাব্বি (১৬), লিটন মিয়ার কলোনির সুমন আহমদ (১৯), মামুন মিয়া (১৯), সায়েম আহমদ (১৯), কয়েছ মিয়ার কলোনির ফয়জুল খন্দকার, সোয়েব মিয়ার কলোনির শেখ রবিন (২০), তারেক মিয়ার কলোনির হাসান রেজভী শেখ (২০), সাহেদ মিয়ার কলোনির মাহি (২১), মো. রাকিন (১৫), সাব্বির মিয়ার কলোনির শাওন আহমদ (১৫), সাজু মিয়ার কলোনির আরিফ আহমদ আফজল (১৭), জাহিদ আহমদ (১৬), শাহীন মিয়ার কলোনির জানু মিয়া (১৫), রবিউলের বাড়ির ভাড়াটিয়া মো. রবিউল হাসান শাফি (১৫), সাদারপাড়া এ ব্লকের হৃদয় আহমদ (২২), উপশহরের ইশরাত আবাসিক হোটেল সংলগ্ন ৩১৬ নম্বর বাসার আবদুল্লাহ আল রাহিম (১৭), উপশহর জে ব্লকের ২ নম্বর রোডের আকাশ (২১), সোনারপাড়ার সুমন আহমদ (২০), কুমারপাড়া ঝর্ণা/৯১ নম্বর বাসার মো. রফিকুল ইসলাম (৩৫), মীরবক্সটুলা আজাদী গলির মাজিদ আহমদ (১৭), নয়াসড়ক কোরেশি ভিউয়ের মো. নাহিদুল ইসলাম (১৫), দক্ষিণ সুরমার পাঠানপাড়া খানবাড়ির জিয়া উদ্দিন (৩৪) এবং হবিগঞ্জের লাখাই থানার সজনগ্রামের গাজী মিয়া (২০)।
পুলিশ জানায়, সকালে শ্রীরামপুর বাইপাস এলাকায় মিছিলের প্রস্তুতির খবর পেয়ে তারা অভিযান চালায়। অভিযানের সময় দুটি হাইয়েস গাড়ি থেকে ৩০ জনকে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।
বৃহস্পতিবার বিকেলে আদালতে সোপর্দের পর তাদের জামিন আবেদন নামঞ্জুর করা হয়েছে।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




