সংগৃহিত
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কয়েকটি জনগুরুত্বপূর্ণ কাঁচা রাস্তা ব্যক্তি উদ্যোগে সংস্কার করা হয়েছে। দীর্ঘদিন ধরে এসব রাস্তা সংস্কার না হওয়ায় এলাকাবাসীর দুর্ভোগ লাঘবে এগিয়ে এসেছেন ইউনিয়নের বালিশ্রী গ্রামের বাসিন্দা, সৌদি আরব প্রবাসী ও সমাজসেবক মো. সেলিম আহমদ।
তাঁর উদ্যোগে সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বালিশ্রী, পূর্ব করের গ্রাম ও বিটিআরআই গ্রামের প্রায় দুই কিলোমিটার রাস্তা সংস্কার করা হয়েছে। এতে প্রায় লক্ষাধিক টাকা ব্যয় হয়েছে বলে জানা গেছে।
গত সোমবার থেকে বুধবার পর্যন্ত ২৫-৩০ জন শ্রমিক নিয়ে সেলিম আহমদ নিজে উপস্থিত থেকে সড়কে মাটি, বালু ও ইটের খোয়া ফেলে রাস্তাগুলো চলাচলের উপযোগী করে তোলেন।
স্থানীয়রা জানান, কুলাউড়া সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সবচেয়ে জনবহুল ও অবহেলিত গ্রামগুলোর মধ্যে বালিশ্রী ও পূর্ব করের গ্রাম অন্যতম। এসব রাস্তা দিয়ে প্রতিদিন কয়েকশ পরিবারের দুই সহস্রাধিক মানুষ চলাচল করেন। এছাড়া স্কুল, কলেজ ও মাদ্রাসার শত শত শিক্ষার্থীও এসব রাস্তা ব্যবহার করে।
বর্ষা মৌসুমে রাস্তাগুলোতে কাদা ও পানি জমে যায়। এতে পথচারীসহ স্থানীয় বাসিন্দাদের চরম দুর্ভোগ পোহাতে হয়। দীর্ঘদিন ধরে রাস্তাগুলো সংস্কার না হওয়ায় চলাচলে দুর্ভোগ আরও বেড়ে যায়।
স্থানীয় বাসিন্দা তরমুজ মিয়া, হারুন মিয়া, আব্বাছ আলী, মনির হোসেন, শরীফ মিয়া, আনু মিয়া, ময়না মিয়া, ফাতু মিয়া ও রফিক মিয়াসহ কয়েকজন জানান, প্রবাসী সেলিম আহমদ তাদের ওয়ার্ডের জনপ্রতিনিধি হওয়ার আশা প্রকাশ করেছেন। মানুষের দুর্ভোগের কথা চিন্তা করে তিনি ব্যক্তিগত উদ্যোগে ইট-বালু এনে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে রাস্তাগুলো সংস্কারে এগিয়ে এসেছেন।
তারা বলেন, তাঁর উদ্যোগের কারণে আপাতত এলাকার মানুষের চলাচলে অনেকটা স্বস্তি ফিরে এসেছে। ভবিষ্যতেও যেন এ ধরনের জনকল্যাণমূলক কর্মকাণ্ড অব্যাহত থাকে, সেই প্রত্যাশা করেন তারা।
সমাজসেবক মো. সেলিম আহমদ বলেন, “বর্ষায় আমাদের ওয়ার্ডের কয়েকটি রাস্তার অবস্থা খুবই শোচনীয় হয়ে পড়ে। এসব রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে মানুষকে অনেক ভোগান্তি পোহাতে হয়েছে। এলাকার মানুষের দাবির পরিপ্রেক্ষিতে তাদের চলাচলের সুবিধার্থে আমার ব্যক্তিগত তহবিল থেকে রাস্তাগুলো সংস্কার করে চলাচলের উপযোগী করা হয়েছে। আগামীতেও ওয়ার্ডের বাকি ভাঙাচোরা রাস্তাগুলো মানুষের চলাচলের সুবিধার্থে সংস্কার করার চেষ্টা করব। এ কাজে এলাকার সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করছি। মানুষের দোয়া ও সহযোগিতা নিয়ে এই ওয়ার্ডের জনগণের কল্যাণে কাজ করে যেতে চাই। আমার এ কাজের মাধ্যমে মানুষের চলাচলের ভোগান্তি কিছুটা হলেও কমাতে পারলে সেটিই হবে আমার জন্য সবচেয়ে বড় পাওয়া।”
উল্লেখ্য, সেলিম আহমদ সদর ইউনিয়নের বালিশ্রী গ্রামের বাসিন্দা মৃত মো. মন্তর আলী মহুরীর ছেলে। তিনি দীর্ঘ দুই দশকের বেশি সময় সৌদি আরবে ছিলেন। সেখানে অবস্থানকালেও এলাকার মানুষের বিভিন্ন সংকটে পাশে দাঁড়িয়েছেন। কয়েক বছর আগে এলাকার মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করতে দেশে ফেরেন তিনি। এরপর থেকে এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থেকে বিভিন্ন সেবামূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন।
জৈন্তা বর্তা / ওয়াদুদ




