ব্যারিস্টার সুমনের উপস্থিতিতে আ.লীগের সভায় হট্টগোল।
হবিগঞ্জের চুনারুঘাটে নবনির্বাচিত সংসদ-সদস্য (স্বতন্ত্র) ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে নিয়ে উপজেলা আওয়ামী লীগের মতবিনিময় সভা করায় নেতাকর্মীদের মধ্যে হট্টগোল হয়েছে। রোববার রাতে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত এই সভায় উপজেলা আ.লীগের সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন। তবে উপজেলা আ.লীগ সভাপতির দাবি, সভায় এমপি সুমনের উপস্থিতি নয়, মূলত সংসদ নির্বাচনে নৌকা ও ঈগল প্রতীকের সমর্থকদের বক্তৃতা দেওয়া নিয়ে এই হট্টগোল হয়। উপজেলা আ.লীগের যুগ্ম সম্পাদক আব্দুস সামাদ মাস্টার বলেন, মতবিনিময় সভায় আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক জানতে চান, প্রধানমন্ত্রী কি স্বতন্ত্র এমপিকে সঙ্গে নিয়ে চলার অনুমতি দিয়েছেন? যদি প্রধানমন্ত্রীর অনুমতি থাকে তবেই তাকে নিয়ে আমরা চলতে পারি। এ নিয়ে নেতাকর্মীদের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়।
বিষয়টি অস্বীকার করে উপজেলা আ.লীগ সভাপতি অ্যাডভোকেট এম আকবর হোসেন জিতু বলেন, এমপি সুমনের আমন্ত্রণে ৩ ফেব্রুয়ারি ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক চুনারুঘাট আসছেন। প্রথমে এই অনুষ্ঠানে আমাদের যাওয়ার সিদ্ধান্ত ছিল না। কারণ প্রতিমন্ত্রীর তরফ থেকে আমাদের বিষয়টি জানানো হয়নি। তবে যেহেতু আমাদের দলের প্রতিমন্ত্রী আসছেন তাই আমরা অনুষ্ঠানে যাওয়ার সিদ্ধান্ত নিই। অনুষ্ঠান সফল করতে রোববার মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন এমপি সুমন।
জিতু বলেন, তার উপস্থিতি নিয়ে কোনো বিতর্ক হয়নি। মূলত গত সংসদ নির্বাচনে নৌকা সমর্থক ও ঈগল প্রতীকের সমর্থকের মধ্যে বক্তৃতা দেওয়া নিয়ে হট্টগোল হয়েছে। হট্টগোল শুরু হলে তিনি নেতাকর্মীদের থামানোর চেষ্টা করেন এবং জেলা আওয়ামী লীগের সিদ্ধান্তেই এ সভা আহ্বান করা হয়েছে বলে জানান।
জৈন্তাবার্তা/জেএ




