ছবি: সংগৃহীত
পশ্চিম গাজা নগরীতে এক অস্থায়ী মসজিদে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে অন্তত ২২ জন নিহত হয়েছে। হামলায় আহতদের চিকিৎসা দিচ্ছেন এমন একজন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।
আল-আহলি হাসপাতালের জরুরি বিভাগের প্রধান আমজাদ আল-আহলি সিএনএনকে বলেন, আল শাতি ক্যাম্পের অস্থায়ী মসজিদে হামলায় ২০ জন নিহত হয়েছেন। এরপর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দুইজনের মৃত্যু হয়েছে। এই হামলা নিয়ে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) কাছে মন্তব্য জানতে চেয়েছিল সিএনএন। তবে এতে কোনো সাড়া দেয়নি ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী।
গাজার সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল সিএনএনকে বলেছেন, জোহরের নামাজের সময় বোমা হামলা চালানো হয়েছে। তিনি জানান, আহত সবার অবস্থা গুরুতর।
বিভিন্ন ভিডিওতে দেখা যায়, নামাজের জন্য রাখা মাদুরে লাশ পড়ে আছে। হতাহতদের শরীর ছিন্নভিন্ন হয়েছে।
মসজিদে হামলা চালানো নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার কার্যালয়। ইউএনের পক্ষ থেকে বলা হয়েছে, পশ্চিম গাজা নগরীর আল শাতি শরণার্থী ক্যাম্পের ভেতরে অস্থায়ী মসজিদে হামলা চালিয়েছে আইডিএফ।
জৈন্তা বার্তা / টিটু




