ছবি: নিজস্ব
হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুর বাজারে টাকা পাওনাকে কেন্দ্র করে দুই ইউনিয়নের ৭ গ্রামের মানুষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। ৬ ঘন্টাব্যাপী সংঘর্ষে মিরপুর বাজার রণক্ষেত্রে পরিণত হয়। ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া পাল্টা ধাওয়ায় শতাধিক লোকজন আহত হয়েছেন।
তাদেরকে বাহুবল ও হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। এদিকে, সংঘর্ষের খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌছলেও সংঘর্ষ নিয়ন্ত্রনে আনতে পারেনি। যে কারণে সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হওয়া সংঘর্ষ চলে রাত সাড়ে ১২টা পর্যন্ত।
স্থানীয় সূত্র জানায়, সোমবার (২৭ আগষ্ট) সন্ধ্যা ৭টায় উপজেলার মিরপুর বাজারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একই উপজেলার লামাতাসি গ্রামের ট্রেইলার আলফু মিয়ার সাথে বানিয়াগাঁও গ্রামের আকল আলীর ছেলে আল আমিনের কথা কাটা-কাটি হয়। বিষয়টি সমাধান করার জন্য বানিয়াগাঁও গ্রামের আঃ শহিদ মিয়ার ছেলে সাদ্দাম মিয়া চেষ্টা করলে তার উপর অতর্কিত হামলা চালায় আলফু মিয়ার লোকজন।
এক পর্যায়ে দু’পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ বাঁধে। পরে সংঘর্ষ জড়িয়ে পড়ে বানিয়াগাঁও ও লামাতাসি গ্রামের মানুষ। দেশীয় অস্ত্র লাঠি-সোটা নিয়ে দুই গ্রামবাসী মিরপুর বাজারে অবস্থান নেন এবং ইটপাটকেল নিক্ষেপ করেন।
পরবর্তীতে মাইকে ঘোষনা দেয়া হলে বানিয়াগাঁও গ্রামবাসীর সাথে পশ্চিম জয়পুর ও লামাতাসির সাথে পাঁচগাঁও গ্রামবাসী যোগ দেন। এতে সংঘর্ষ ভয়াবহ অবস্থায় রূপ নেয়। উভয়পক্ষে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপে আহত হয় শতাধিক লোকজন।
খবর পেয়ে বাহুবল মডেল থানা পুলিশ ও সেনা বাহিনী ঘটনাস্থলে পৌছে। তবে দু’ পক্ষে উত্তেজনা ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ক্ষিপ্ত থাকায় পিচু হটে আইনশৃঙ্খলা বাহিনী। তুমুল সংঘর্ষে মিরপুর বাজার এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।
আহতদের উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালসহ বিভিন্নস্থানে চিকিৎসা দেয়া হয়।
বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মশিউর রহমান বলেন, সংঘর্ষ চলছে, তবে কি বিষয়টি নিয়ে সংঘর্ষ বাঁধে এখনও জানা যায়নি।
জৈন্তাবার্তা / জারা




