মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর এলাকা থেকে ভারতীয় ১৮ বোতল নাইট রাইডার মদসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে শমশেরনগর ফাঁড়ির পুলিশ।
রোববার (২৪ নভেম্বর) রাত ৯টার দিকে শমশেরনগর-চাতলাপুর সড়কের চা-বাগান এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। এসময় তাদের ব্যবহৃত সিএনজিচালিত অটোরিকশা (মৌলভীবাজার থ ১১-৬০৩২) জব্দ করা হয়।
আটককৃতরা হলেন- রাজনগর উপজেলার পাচগাঁও গ্রামের আব্দুল মুকিত তালুকদারের ছেলে রুমেল মিয়া তালুকদার (৩২) ও একই গ্রামের মৃত মনির মিয়ার ছেলে সেলিম মিয়া (৪১)।
পুলিশ জানায়, রোববার রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক (তদন্ত) ওমর ফারুকের নেতৃত্বে উপ-পরিদর্শক জাকির হোসেন সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে শমশেরনগর-চাতলাপুর সড়কের চা-বাগান এলাকা থেকে সিএনজিচালিত অটোরিকশায় চটের বস্তায় মোড়ানো ১৮ বোতল নাইট রাইডার মদসহ দুইজনকে আটক করা হয়। আটককৃত ভারতীয় মদের বাজারমূল্য আনুমানিক ২৫ হাজার টাকা।
শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক (তদন্ত) ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভারতীয় ১৮ বোতল মদসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। তাদেরকে রাতেই কমলগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ইফতেখার হোসেন বলেন, এ ঘটনায় মাদক আইনে কমলগঞ্জ থানায় একটি মামলা হয়েছে। গ্রেপ্তারকৃত দুইজনকে সোমবার সকালে মৌলভীবাজার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
জৈন্তা বার্তা/আরআর




