বাহুবলে দু'পক্ষের সংঘর্ষে দুইজন নিহত, ৪ আসামী ঢাকা থেকে গ্রেফতার
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:১০ AM

বাহুবলে দু'পক্ষের সংঘর্ষে দুইজন নিহত, ৪ আসামী ঢাকা থেকে গ্রেফতার

বাহুবল প্রতিনিধি

প্রকাশিত: ১৬/১০/২০২৩ ১২:০৪:০৫ PM

 বাহুবলে দু'পক্ষের সংঘর্ষে দুইজন নিহত, ৪ আসামী ঢাকা থেকে গ্রেফতার

ছবি : নিজস্ব


হবিগঞ্জের বাহুবল উপজেলায় দু'পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে দুইজন নিহতের ঘটনায় আরও  ৪ আসামীকে ঢাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা এস আই সমীরণ চন্দ্র দাস।

জানা যায় গত ৩০ সেপ্টেম্বর শনিবার রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার মিরপুর ইউনিয়নের কামারগাঁও গ্রামে ইউসুফ আলী ও ফারুক মিয়ার লোকজনের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। এ সংঘর্ষে  ইউসুফ আলী(৩৫) ও উস্তার মিয়া(৩৭) নিহত হয়। রবিবার ১ অক্টোবর ময়নাতদন্ত শেষে বিকাল সাড়ে ৩ টার দিকে তাদের মরদেহ বাড়িতে আসলে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

ঘটনার ৪ দিনের মাথায় গত ৩ অক্টোবর নিহত ইউসুফ আলীর ভাই সুজন আহমেদ বাদী হয়ে বাহুবল মডেল থানায় ৩৩ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা(১০-১৫)জনকে আসামী করে মামলা দায়ের করেন। মামলাটির তদন্তের দায়িত্ব দেয়া হয় বাহুবল মডেল থানার এস আই সমীরণ চন্দ্র দাসকে।

গতকাল শনিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে মামলার তদন্ত কর্মকর্তা এস আই সমীরণ চন্দ্র দাস একদল পুলিশ নিয়ে রাত ৩ টার দিকে ডিএমপি ঢাকার বংশাল থানাধীন বায়তুস সমির আবাসিক হোটেল এবং ওয়ারী থানাধীন কাপ্তান বাজার খন্দকার আবাসিক হোটেলে এলাকায় অভিযান চালিয়ে সাইন্টিফিক তদন্তের মাধ্যমে কামারগাঁও গ্রামের হাজী সুন্দর আলীর ছেলে মোঃ কদ্দুস মিয়া(৫২) হুছন আলীর ছেলে মোঃ জালাল মিয়া(২৮) কদ্দুস মিয়ার ছেলে মোঃ আলম মিয়া(২৪) ও মৃত হাজী আব্দুল মান্নান মিয়ার ছেলে সিরাজ মিয়া(৪৩)কে গ্রেফতার করতে সক্ষম হয়। রবিবার ভোরে গ্রেফতারকৃত আসামীদের থানায় নিয়ে আসে পুলিশ। দুপুরে তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

 উল্লেখ্য, ঘটনার দিন গত ৩০ সেপ্টেম্বর রাতে পুলিশ অভিযান চালিয়ে আবুল মিয়ার ছেলে মোঃ সোহাগ মিয়া(২০) সানু মিয়ার ছেলে মুবাশ্বির মিয়া(১৯) মকসুদ মিয়ার ছেলে সাজু মিয়া(১৯) ও মৃত মানিক মিয়ার ছেলে অলিউর রহমান(১৯)কে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়। এ মামলায় মোট ৮জনকে গ্রেফতার করা হয়েছে।


এম সি