ছবি:সংগৃহীত
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় কাশিমনগর পুলিশ ফাঁড়ির বিশেষ অভিযানে এক হাজার পিস ইয়াবাসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
আটককৃতরা হলেন-নরসিংদী জেলার রায়পুরা উপজেলার গকুলনগর গ্রামের শাহাব উদ্দিনের স্ত্রী সেলিনা বেগম (৫৫) এবং একই গ্রামের হামিদ মিয়ার মেয়ে হেপি আক্তার (৩৫)।
মঙ্গলবার (৪ নভেম্বর ২০২৫) বিকেলে মাধবপুর থানার অধীনে ২নং চৌমুহনী ইউনিয়নের মঙ্গলপুর এলাকার চৌমুহনী থেকে ধর্মঘরগামী পাকা রাস্তায় এ অভিযান পরিচালনা করা হয়।
কাশিমনগর পুলিশ ফাঁড়ি সূত্রে জানা যায়, সন্দেহভাজন অবস্থায় দুই নারীকে আটক করে বিধি মোতাবেক মহিলা পুলিশের মাধ্যমে দেহ তল্লাশি করা হয়। এ সময় তাদের কাছ থেকে লাল স্কচটেপ ও পলিথিনে মোড়ানো ৫০০ পিস করে মোট ১,০০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পুলিশের ধারণা, আটক দুই নারী দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবারের সঙ্গে জড়িত।
এ বিষয়ে মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সহিদ উল্ল্যা বলেন, `মাদক সমাজ ধ্বংসের অন্যতম কারণ। মাদক নির্মূলে মাধবপুর থানা ও হবিগঞ্জ পুলিশ সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। আটক দুই নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা প্রক্রিয়াধীন।'
তিনি আরও বলেন, `উপজেলার বিভিন্ন স্থানে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। কেউ এই অপকর্মে জড়িত থাকলে কাউকেই ছাড় দেওয়া হবে না।'
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




