অন্যায় করলে ছাড় নেই - এমপি সৈয়দ মোঃ ফয়সল
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৫:৩০ PM

অন্যায় করলে ছাড় নেই - এমপি সৈয়দ মোঃ ফয়সল

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৮/০৩/২০২৬ ০৩:২০:১১ PM

অন্যায় করলে ছাড় নেই -  এমপি সৈয়দ মোঃ ফয়সল

সংগৃহিত


হবিগঞ্জ-৪ (মাধবপুর–চুনারুঘাট) আসনের সংসদ সদস্য সৈয়দ মোঃ ফয়সল বলেছেন, দেশে ন্যায় ও সমতার ভিত্তিতে শাসনব্যবস্থা প্রতিষ্ঠাই বর্তমান সরকারের প্রধান লক্ষ্য। তিনি জোর দিয়ে বলেন, “আমরা আইনের শাসনে বিশ্বাসী। কাউকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হবে না, এবং কেউ অন্যায় করলে তাকে কঠোর হাতে দমন করা হবে।

বুধবার (১৮ মার্চ)  দুপুরে মাধবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে অসহায় মানুষের মাঝে মানবিক সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সংসদ সদস্য সৈয়দ  ফয়সল বলেন, “মাধবপুর ও চুনারুঘাটের জনগণ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। এখন আমি সকলের প্রতিনিধি। দলমত নির্বিশেষে সবার জন্য কাজ করতে চাই। কেউ অফিসে গিয়ে ফাইল নিয়ে অযথা টানাটানি করবেন না, প্রশাসনের ওপর অপ্রয়োজনীয় প্রভাব বিস্তারের চেষ্টা করবেন না। এতে সুশাসন ব্যাহত হয়।

তিনি আরও বলেন, “দীর্ঘ ১৭ বছর ধরে বিএনপির অনেক নেতাকর্মী ও সাধারণ মানুষ তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়েছেন। আমরা ন্যায়ভিত্তিক বণ্টনের মাধ্যমে সবার অধিকার নিশ্চিত করতে চাই। সবাইকে লোভ-লালসার ঊর্ধ্বে উঠে দেশের উন্নয়নে কাজ করতে হবে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরে এমপি ফয়সল বলেন, নির্বাচনী ইশতেহার অনুযায়ী স্বল্প সময়ের মধ্যেই সরকার বেশ কিছু যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে। ফ্যামিলি কার্ড, কৃষি খাতে সহায়তা, কৃষি ঋণ মওকুফসহ বিভিন্ন কর্মসূচি ইতোমধ্যে মানুষের আস্থা অর্জন করেছে। ভবিষ্যতেও এসব কার্যক্রম অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহাজাহান বলেন, 'আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন জরুরি। মানুষ শান্তিপূর্ণ পরিবেশে বসবাস করতে চায়। এই সরকারের আমলে কেউ অন্যায় বা অত্যাচার করলে তার কোনো ছাড় নেই।

মাধবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মুজিবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপি সভাপতি শামসুল ইসলাম কামাল, চেয়ারম্যান মাহবুবুর রহমান, পৌর বিএনপি সেক্রেটারি  আলাউদ্দিন আল রনি, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, সাবেক মেয়র হাবিবুর রহমান মানিকসহ স্থানীয় নেতৃবৃন্দ।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি অসহায় ও দুস্থ মানুষের মাঝে নগদ অর্থ ও বিভিন্ন সহায়তা সামগ্রী বিতরণ করেন। এতে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।




জৈন্তা বার্তা / ওয়াদুদ