ছবি নিজস্ব
হবিগঞ্জের আজমিরীগঞ্জে ঈদের ছুটিতে ঘরমুখো মানুষের স্রোত নেমেছে। ফলে সর্বত্র উৎসবমুখর ও সরগরম পরিবেশ বিরাজ করছে।
রাজধানীসহ বিভিন্ন শহর থেকে মানুষ লঞ্চ, বাস ও ট্রেনযোগে গ্রামে ফিরছেন। এই ব্যস্ততায় গ্রামীণ জনপদ ফিরে পেয়েছে প্রাণচাঞ্চল্য এবং মার্কেটগুলোতে কেনাকাটা বেড়েছে।
ঈদে বাড়ির দিকে রওনা হওয়া জনস্রোতের বড় অংশ শহরের শ্রমজীবী মানুষ। ঈদের আগে নিজের সামর্থ্য অনুযায়ী প্রিয়জনদের জন্য নতুন জামাকাপড় কিনে বাড়ি ফিরছেন তাঁরা। আত্মীয়-স্বজন ও বন্ধুদের সাথে আড্ডা এবং সময় কাটানোয় এলাকাগুলো প্রাণবন্ত হয়ে উঠেছে।
চট্টগ্রাম থেকে আসা আনিসুল ইসলাম বলেন, জীবনের শত ব্যস্ততার মধ্যেও ঈদের ছুটিতে বাড়ি ফিরে আসি মায়ের হাতে সেমাই খেতে আর আব্বুর কাছ থেকে সেলামি পেতে। উফ কী যে আনন্দ! আর ছোটবেলা থেকেই আমার পাড়া বেড়ানোর স্বভাব। ঈদের দিন দুপুর গড়িয়ে বিকেল হতেই বন্ধুদের নিয়ে পাড়ার এ বাড়ি ও বাড়ি ঘুরতে থাকি। এতে সবার সঙ্গে দেখা হয়, সালামিটাও পাওয়া যায়।
ঢাকা থেকে আসা পোশাকশ্রমিক জুলেখা বেগমের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ঈদ মানেই আনন্দ। গ্রামের বাড়িতে বাবা-মা, ভাই-বোনদের সাথে আনন্দ ভাগাভাগি করে নেওয়া যায়। বেতন-বোনাস পেয়ে সবার জন্য টুকটাক কিছু কিনেছি। আগের বছর বাড়ি আসিনি। এবার এলাকার আরও অনেকেই একসঙ্গে বাড়িতে ফিরছি।
ঈদের ছুটিতে স্থানীয় বিনোদন কেন্দ্রগুলোতে মানুষের উপচেপড়া ভিড় থাকে, যা আনন্দের মাত্রা বাড়িয়ে দেয়। এই আনন্দময় পরিবেশে সবার মাঝে প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধি পায়।
ঈদে আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে জানতে আলাপ হয় আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকবর হোসেনের সাথে। তিনি মুঠোফোনে বলেন, ঈদের দিন আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখার জন্য পুলিশ প্রশাসন তৎপর রয়েছে। বিভিন্ন টিম কাজ করছে। কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্য একদল পুলিশ টহলে থাকবে।
জৈন্তা বার্তা/আরআর




