সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পিকনিক: প্রধান শিক্ষকের ভূমিকা নিয়ে সমালোচনা
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:২৭ PM

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পিকনিক: প্রধান শিক্ষকের ভূমিকা নিয়ে সমালোচনা

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৫/০৩/২০২৬ ০৮:৪৬:০০ PM

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পিকনিক: প্রধান শিক্ষকের ভূমিকা নিয়ে সমালোচনা

সংগৃহিত


হবিগঞ্জের মাধবপুর উপজেলায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভেতরে ব্যক্তিগত পিকনিক আয়োজনকে ঘিরে এলাকায় তীব্র সমালোচনা দেখা দিয়েছে। অভিযোগ উঠেছে, গত ২৩ মার্চ স্থানীয় যুবক, ব্যবসায়ী ও চাকরিজীবীদের অংশগ্রহণে প্রায় শতাধিক মানুষের একটি পিকনিক মূলত বাগানে হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত তা অনুষ্ঠিত হয় জগদীশপুর বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, বিদ্যালয়ের ভেতরেই রান্নাবান্না থেকে শুরু করে খাবার পরিবেশন পর্যন্ত সব কার্যক্রম চলে। পুরো স্কুলজুড়ে তৈরি হয় একটি জমকালো পিকনিকের পরিবেশ, যা অনেকটা বিনোদনকেন্দ্রের আবহ তৈরি করে। অভিযোগ রয়েছে, বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমল সরকারও ওই আয়োজনে উপস্থিত ছিলেন এবং অংশ নেন।

পিকনিক শেষে অংশগ্রহণকারীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি ও ভিডিও প্রকাশ করলে বিষয়টি দ্রুত ছড়িয়ে পড়ে এবং স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।

স্থানীয় সচেতন মহলের দাবি, কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ব্যক্তিগত অনুষ্ঠান আয়োজন করতে হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পূর্বানুমতি নেওয়া বাধ্যতামূলক। কিন্তু এ ক্ষেত্রে এমন কোনো অনুমতির তথ্য পাওয়া যায়নি। তাদের ভাষায়, বিদ্যালয়ের পরিবেশ সেদিন ছিল যেন একটি খাবারের হোটেলের মতো। সরকারি সম্পদ ব্যক্তিগত কাজে ব্যবহারের এই ঘটনা দুঃখজনক।

এ ঘটনায় প্রশ্ন উঠেছে-কার অনুমতিতে একটি সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এমন আয়োজন করা হলো।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে প্রধান শিক্ষক অমল সরকার বলেন, 'স্থানীয় কিছু ব্যক্তি বাগানে পিকনিক করতে এসে সাময়িকভাবে স্কুলের চাবি চান। রান্না শেষে খাবার খেয়ে চাবি ফেরত দেওয়ার কথা বলায় আমি তাদের অনুমতি দিয়েছি।'

তবে একাধিক সূত্রের দাবি, চাবি দেওয়ার পর পুরো সময়ই প্রধান শিক্ষক পিকনিকে উপস্থিত ছিলেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রত্যক্ষদর্শী বলেন, 'এটি মূলত প্রধান শিক্ষকের উদ্যোগেই আয়োজন করা হয়েছিল। তিনি নিজেও সেখানে অংশ নিয়ে আনন্দ করেন।'

এ বিষয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা এস এম জাকিরুল হাসান বলেন, 'পিকনিকের বিষয়টি আগে জানা ছিল না। স্থানীয়দের মাধ্যমে জেনেছি। সরকারি প্রতিষ্ঠানে এভাবে ব্যক্তিগত অনুষ্ঠান করার সুযোগ নেই। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।'

জৈন্তা বার্তা / ওয়াদুদ