ছবি:সংগৃহীত
হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সৈয়দ ফয়সলের ছেলে ও সায়হাম নিট কম্পোজিটের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ শাফকাত আহমেদ ২৩টি চা বাগানের প্রতিনিধিদের সঙ্গে এক উন্নয়নমূলক মতবিনিময় সভা করেছেন।
শুক্রবার বিকেলে মাধবপুর উপজেলার নোয়াপাড়ায় এমপির বাংলোতে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় চা শ্রমিকদের জীবনমান উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং অবকাঠামোগত উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
মতবিনিময় সভায় উপস্থিত চা শ্রমিক নেতা ও প্রতিনিধিরা তাদের দীর্ঘদিনের সমস্যা, দাবি ও সম্ভাবনার কথা তুলে ধরেন। তারা বলেন, দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখলেও চা শ্রমিকরা এখনো নানা বঞ্চনার শিকার। বিশেষ করে স্বাস্থ্যসেবার সীমাবদ্ধতা, বিশুদ্ধ পানির অভাব, অনুপযোগী বাসস্থান ও শিক্ষার ঘাটতি তাদের জীবনকে কঠিন করে তুলেছে। এসব সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানান তারা।
২৩টি চা বাগানের সাধারণ সম্পাদক নৃপেন পাল বলেন, গত জাতীয় সংসদ নির্বাচনে চা বাগানের মানুষ একতরফাভাবে ভোট দিয়ে সৈয়দ ফয়সলকে সংসদ সদস্য নির্বাচিত করেছেন। তিনি আশা প্রকাশ করেন, নির্বাচিত প্রতিনিধি হিসেবে এমপি চা শ্রমিকদের উন্নয়নে বিশেষ ভূমিকা রাখবেন। তিনি আরও বলেন, শ্রমিকরা কঠোর পরিশ্রম করলেও অধিকাংশই দারিদ্র্যসীমার নিচে বসবাস করছেন। তাদের জন্য বিশেষায়িত হাসপাতাল, নিরাপদ পানি, উন্নত আবাসন ও কর্মমুখী শিক্ষার ব্যবস্থা জরুরি।
তিনি আরও জানান, চা বাগানের তরুণদের জন্য প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হলে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে, যা তাদের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ ক্ষেত্রে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি খাতের অংশগ্রহণও প্রয়োজন বলে তিনি মত দেন।
সভায় সৈয়দ শাফকাত আহমেদ বলেন, চা বাগান এলাকার মানুষের কল্যাণে তিনি ও তার পরিবার সবসময় কাজ করে যাচ্ছেন। চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে ইতোমধ্যে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে এবং পর্যায়ক্রমে তা বাস্তবায়ন করা হবে বলে তিনি জানান।
তিনি আরও বলেন, শিক্ষা ও স্বাস্থ্য খাতকে অগ্রাধিকার দিয়ে কাজ করা হবে। পাশাপাশি অবকাঠামোগত উন্নয়ন এবং বিশুদ্ধ পানির ব্যবস্থা নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হচ্ছে। সভায় উপস্থিত সবাই চা বাগান এলাকার সার্বিক উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




