ছবি:সংগৃহীত
মহান মে দিবস উপলক্ষে সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের উদ্যোগে মশাল মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় নগরীর তালতলাস্থ কার্যালয় প্রাঙ্গণে জমায়েত হয়ে মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ওসমানী মেডিকেল রোড এলাকায় গিয়ে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
মিছিলে শ্রমিকদের ন্যায্য মজুরি, ৮ ঘণ্টা কর্মঘণ্টা নিশ্চিতকরণ এবং খানাদানা বেতনসহ মে দিবসে ছুটি কার্যকর করার দাবি জানানো হয়। পাশাপাশি শ্রমিক নির্যাতনের প্রতিবাদ ও অধিকার প্রতিষ্ঠার আহ্বান জানানো হয় বিভিন্ন স্লোগানে।
সমাবেশে সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি ইউসুফ জামিলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এম সফর আলী খাঁনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা এস এম নুরুল হুদা সালেহ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশন সিলেট জেলা শাখার আহ্বায়ক নজরুল ইসলাম কমবুল এবং যুগ্ম আহ্বায়ক মিনহাজ আহমদ।
এসময় আরও বক্তব্য দেন সংগঠনের প্রচার সম্পাদক আকিল হোসেন, মহানগর কমিটির সাধারণ সম্পাদক দিলোয়ার হোসেনসহ বিভিন্ন থানা ও মহানগর কমিটির নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, মে দিবসের চেতনায় উদ্বুদ্ধ হয়ে শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে। তারা বলেন, নির্যাতিত ও বঞ্চিত শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় সংগঠিত সংগ্রামের বিকল্প নেই। শোষণমুক্ত সমাজ গঠনে শ্রমিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বক্তারা।
মিছিল ও সমাবেশে ইউনিয়নের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও শ্রমিকরা অংশগ্রহণ করেন।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




