সিলেটে বোরো ধান-চাল সংগ্রহ অভিযান শুরু
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৩:৫৩ AM

লক্ষ্যমাত্রা ২২ হাজার টনের বেশি

সিলেটে বোরো ধান-চাল সংগ্রহ অভিযান শুরু

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৩/০৫/২০২৬ ১১:২৭:০০ PM

সিলেটে বোরো ধান-চাল সংগ্রহ অভিযান শুরু

ছবি:সংগৃহীত


সিলেটে বোরো মৌসুম-২০২৬ উপলক্ষে ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। রোববার (৩ মে) বিকেলে নগরীর দক্ষিণ সুরমা খাদ্য গুদামে এই কর্মসূচির উদ্বোধন হয়। আগামী ৩১ আগস্ট পর্যন্ত এ সংগ্রহ অভিযান চলবে।

খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, সিলেট জেলায় মোট সংগ্রহ লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২২ হাজার টনেরও বেশি। এর মধ্যে ধান ৮,২৫১ মেট্রিক টন, সিদ্ধ চাল ৮,৫৩৯ মেট্রিক টন এবং আতপ চাল ৫,৩০৩ মেট্রিক টন। সিলেট সদর খাদ্য গুদামের লক্ষ্যমাত্রা ধান ৪৯৯ মেট্রিক টন, সিদ্ধ চাল ৩,৯৮২ মেট্রিক টন এবং আতপ চাল ২,৫৬২ মেট্রিক টন।

সরকার নির্ধারিত মূল্যে প্রতি কেজি ধান ৩৬ টাকা (মণ প্রতি ১,৪৪০ টাকা), সিদ্ধ চাল ৪৯ টাকা এবং আতপ চাল ৪৮ টাকায় সংগ্রহ করা হবে। কৃষি বিভাগের তালিকাভুক্ত কৃষকদের কাছ থেকে সরাসরি ধান কেনা হবে। একজন কৃষক সর্বনিম্ন ১২০ কেজি (৩ মণ) থেকে সর্বোচ্চ ৩ টন (৭৫ মণ) পর্যন্ত ধান গুদামে বিক্রি করতে পারবেন।

এছাড়া জেলার ১১টি অটোমেটিক রাইস মিল এবং ৭০টি হাস্কিং রাইস মিলের সঙ্গে চুক্তির মাধ্যমে চাল সংগ্রহ করা হবে।

দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম অনিক চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে কর্মসূচির উদ্বোধন করেন সিলেটের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক এস এম সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. জাকারিয়া মুস্তফা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা দীপংকর সূত্রধর, খাদ্য নিয়ন্ত্রক (কারিগরি) মো. কামরুল ইসলাম, খাদ্য নিয়ন্ত্রক জাহাঙ্গীর আরিফ খান, সিলেট সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ সাখাওয়াত হোসেন, এলএসডির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুস সামাদ, সিলেট বিভাগীয় মিল মালিক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর সাব্বির আহমেদ এবং বাংলাদেশ পুষ্টি চাল মিশ্রণ মিল মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা কৃষকদের নির্বিঘ্নে গুদামে ধান বিক্রি করতে এগিয়ে আসার আহ্বান জানান। এ সময় স্থানীয় কৃষক, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ: