হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় বাবার পোল্ট্রি খামারে ঝুলে থাকা বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে তাইবা আক্তার (৭) নামের এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।
রবিবার (৭ জুন) সকালে উপজেলার দিয়াগাঁও গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত তাইবা আক্তার ওই গ্রামের রুবেল মিয়ার মেয়ে। সে স্থানীয় এ জে ডি টি মডেল একাডেমি অ্যান্ড কলেজের শিক্ষার্থী ছিল।
পারিবারিক সূত্রে জানা যায়, সকালে বাড়ির পাশে বাবার পোল্ট্রি খামারে যায় তাইবা। এ সময় অসাবধানতাবশত খামারে ঝুলে থাকা বিদ্যুতের তারের সংস্পর্শে এলে সে গুরুতর আহত হয়। পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
জৈন্তাবার্তা/আরআর




