ছবি:সংগৃহীত
হবিগঞ্জের মাধবপুর ও চুনারুঘাট উপজেলার চারটি চা বাগানের শ্রমিকরা বকেয়া মজুরি, মাসিক বেতন, ভবিষ্যৎ তহবিল (পিএফ), চিকিৎসা সুবিধা ও আবাসন সংকটসহ বিভিন্ন দাবিতে মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদ বিন কাসেমের কাছে স্মারকলিপি প্রদান করেছেন।
রবিবার (৭ জুন) দেউন্দি কোম্পানির অধীন নোয়াপাড়া, লালচান, দেউন্দি ও মৌলভীবাজারের মিরতিঙ্গা চা বাগানের শ্রমিকদের পক্ষে নোয়াপাড়া চা বাগান শ্রমিক সভাপতি কমেড নায়েক স্মারকলিপিটি জমা দেন।
স্মারকলিপিতে শ্রমিকরা উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে চারটি চা বাগানের শ্রমিকরা নিয়মিত মজুরি ও বিভিন্ন পাওনা থেকে বঞ্চিত হচ্ছেন। গত ২৬ মে শ্রমিক প্রতিনিধি, বাগান কর্তৃপক্ষ ও প্রশাসনের অংশগ্রহণে অনুষ্ঠিত এক ত্রিপক্ষীয় সভায় দেউন্দি কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ওয়াহিদুল হক শ্রমিকদের বকেয়া পাওনার অর্ধেক ২৭ মে ও ১ জুনের মধ্যে পরিশোধের আশ্বাস দেন।
পরবর্তীতে ২ জুন ও ৪ জুন দুই সপ্তাহের মজুরি পরিশোধ করা হলেও চলতি সপ্তাহের মজুরি এখনও পরিশোধ করা হয়নি বলে অভিযোগ করেন শ্রমিকরা।
শ্রমিকদের দাবি, ৪৫ মাসের ভবিষ্যৎ তহবিলের (পিএফ) অর্থ, এরিয়ার বিল, আবাসন মেরামত ও চিকিৎসা সুবিধাসহ গুরুত্বপূর্ণ বিষয়গুলো দীর্ঘদিন ধরে অনিষ্পন্ন রয়েছে। এতে শ্রমিক পরিবারগুলো চরম মানবিক সংকটে পড়েছে। তারা বাগানগুলোর ব্যবস্থাপনা সরকারের অধীনে নেওয়ারও দাবি জানান।
নোয়াপাড়া চা বাগান শ্রমিক সভাপতি কমেড নায়েক বলেন, ‘বকেয়া মজুরি ও অন্যান্য পাওনা না পেয়ে শ্রমিকরা মানবেতর জীবনযাপন করছেন। বারবার আশ্বাস দেওয়া হলেও সমস্যার স্থায়ী সমাধান হচ্ছে না।’
এ বিষয়ে দেউন্দি কোম্পানির এক কর্মকর্তা বলেন, ‘চা শ্রমিকরাই বাগানের মূল চালিকাশক্তি। কিন্তু গত পাঁচ-ছয় বছর ধরে কোম্পানির চারটি বাগান ধারাবাহিকভাবে লোকসানের মুখে রয়েছে। চায়ের বাজারমূল্য কম, উৎপাদন ব্যয় বেশি এবং ব্যাংক ঋণ সুবিধা না পাওয়ায় আর্থিক সংকট সৃষ্টি হয়েছে। ফলে কিছু পাওনা বকেয়া রয়েছে। তবে অর্থের সংস্থান করে ধাপে ধাপে সব সমস্যা সমাধানের চেষ্টা চলছে।’
মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ বিন কাসেম বলেন, ‘শ্রমিকদের উত্থাপিত বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। বাগান মালিকপক্ষ ও শ্রমিক প্রতিনিধিদের নিয়ে আলোচনার মাধ্যমে চলমান সমস্যার সমাধানে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।’
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




