নিজস্ব
পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ শুরু করেছে ২০নং জগদীশপুর জে.সি হাইস্কুল এন্ড কলেজ স্কাউট গ্রুপ। শনিবার (১৩ জুন) সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে কর্মসূচির উদ্বোধন করা হয়।
কর্মসূচির প্রথম দিনে হবিগঞ্জের মাধবপুর উপজেলার খড়কী ইসলামিয়া কাসেমুল উলুম মাদ্রাসা এবং পূর্বচারাভাঙ্গা এলাকায় তিন শতাধিক ফলদ বৃক্ষের চারা রোপণ করা হয়। রোপিত চারাগুলোর মধ্যে উন্নত জাতের আম, কাঁঠাল, আমড়া, জাম, জলপাই, পেয়ারা ও পেঁপেসহ বিভিন্ন ফলদ গাছের চারা রয়েছে।
চারাগুলোর সুরক্ষা নিশ্চিত করতে প্রায় প্রতিটি চারার সঙ্গে মজবুত বেড়া ও শক্ত খুঁটি স্থাপন করা হয়েছে। পাশাপাশি স্কাউট সদস্যরা আগামী অন্তত তিন বছর এসব চারার নিয়মিত পরিচর্যা ও রক্ষণাবেক্ষণের আশ্বাস দিয়েছেন।
এ সময় উপস্থিত ছিলেন খড়কী ইসলামিয়া কাসেমুল উলুম মাদ্রাসার মুহতামিম মুফতি মো. ইসমাঈল, মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য আব্দুল কুদ্দুস মাস্টার, শিক্ষক মুফতি শরীফ উদ্দিন, শিক্ষক মুর্শেদ কামালসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
গ্রুপ স্কাউট লিডার ও বাংলাদেশ স্কাউটস, হবিগঞ্জ জেলার সহকারী কমিশনার মোস্তাক আহাম্মদ বলেন, “প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও কয়েক হাজার ফলদ বৃক্ষের চারা রোপণের পরিকল্পনা রয়েছে। শুধু চারা রোপণ নয়, সেগুলোর পরিচর্যা নিশ্চিত করাও আমাদের লক্ষ্য।”
তিনি আরও জানান, ২০১৮ সাল থেকে অদ্যাবধি স্কাউট গ্রুপটি মাধবপুর উপজেলার ৭নং জগদীশপুর ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সড়কের পাশ ও জনসাধারণের ব্যবহৃত স্থানে প্রায় ৬ হাজার ৮৫০টি ফলদ বৃক্ষের চারা রোপণ ও পরিচর্যা করেছে। ইতোমধ্যে এসব গাছের অনেকগুলো ফল দিতে শুরু করেছে, যা স্থানীয় মানুষকে উপকৃত করছে।
এছাড়াও পরিবেশ সংরক্ষণ ও দীর্ঘমেয়াদি সবুজায়নের অংশ হিসেবে ইউনিয়নের বিভিন্ন সড়কের পাশে, খাসজমি ও খালের পাড়ে কয়েক হাজার তালবীজ ও খেজুর বীজ রোপণ করেছে সংগঠনটি।
স্থানীয়রা এ উদ্যোগকে পরিবেশ রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে অভিহিত করে স্কাউট গ্রুপের প্রশংসা করেছেন। বৃক্ষরোপণের পাশাপাশি চারার পরিচর্যায় তাদের দীর্ঘমেয়াদি অঙ্গীকার কর্মসূচিটিকে আরও কার্যকর ও টেকসই করে তুলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
জৈন্তাবার্তা/সুলতানা




