ছবি:সংগৃহীত
বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের আগামী ১৭ জুন সিলেট সফর উপলক্ষে হবিগঞ্জের মাধবপুরে উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে প্রস্তুতি সভা ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে মাধবপুর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত প্রস্তুতি সভায় দলীয় নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি ছিল। পরে সফরকে সফল করতে নেতাকর্মীরা একটি মিছিল বের করেন।
হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সলের নির্দেশনায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মাধবপুর উপজেলা বিএনপির সভাপতি শামসুল ইসলাম কামাল।
সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হামিদুর রহমান হামদু, পৌর বিএনপির সভাপতি গোলাপ খান, সাধারণ সম্পাদক আলাউদ্দিন আলরনি, উপজেলা বিএনপির সহ-সভাপতি ও চেয়ারম্যান পারভেজ হোসেন চৌধুরী, চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগসহ উপজেলা, পৌর ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সিলেট ও শ্রীমঙ্গল সফরকে ঘিরে নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে। তার নেতৃত্বে দেশের উন্নয়ন, গণতন্ত্র প্রতিষ্ঠা, কর্মসংস্থান সৃষ্টি এবং মানুষের জীবনমান উন্নয়নের ধারা অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
তারা বলেন, মাধবপুর সিলেট বিভাগের প্রবেশদ্বার হওয়ায় প্রধানমন্ত্রীর আগমনের দিন বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক সড়কের দুই পাশে অবস্থান নিয়ে তাঁকে স্বাগত জানাবেন। সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে অভ্যর্থনা আয়োজনের জন্য সকল ইউনিটকে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।
সভায় নেতৃবৃন্দ আরও বলেন, ১৭ জুনের সফরকে স্মরণীয় করে রাখতে মাধবপুর উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে। দলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কর্মসূচি সফল করার প্রত্যয় ব্যক্ত করেন।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




