জীবনের শেষ প্রান্তে অ*সহায় অনিল সরকার দম্পতি, মানবিক সহায়তার আবেদন
রবিবার, ১৪ জুন ২০২৬, ০২:২৫ AM

জীবনের শেষ প্রান্তে অ*সহায় অনিল সরকার দম্পতি, মানবিক সহায়তার আবেদন

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৪/০৬/২০২৬ ১২:৫১:২৭ AM

জীবনের শেষ প্রান্তে অ*সহায় অনিল সরকার দম্পতি, মানবিক সহায়তার আবেদন

ছবি:সংগৃহীত


হবিগঞ্জের মাধবপুর উপজেলার সুরমা ইউনিয়নের নোয়াহাটি গ্রামের বাসিন্দা অনিল সরকার ও তাঁর স্ত্রী সুরবালা মানবেতর জীবনযাপন করছেন। বার্ধক্য, দারিদ্র্য ও শারীরিক অসুস্থতায় জর্জরিত এই দম্পতি বর্তমানে অন্যের সহায়তায় দিন কাটাচ্ছেন।

স্থানীয়দের দাবি, দ্রুত সরকারি ও সামাজিক সহযোগিতা না পেলে অসহায় এই দম্পতির জীবন আরও কঠিন হয়ে উঠবে।

স্থানীয় সূত্রে জানা গেছে, অনিল সরকার দীর্ঘদিন ধরে বাড়ি বাড়ি ঘুরে সামান্য সবজি বিক্রি করে সংসার চালাতেন। অল্প আয়ে কোনোভাবে চলছিল তাদের জীবন। তবে কয়েক মাস আগে তিনি পক্ষাঘাতে আক্রান্ত হয়ে কর্মক্ষমতা হারিয়ে ফেলেন। এর আগেই তাঁর স্ত্রী সুরবালা পক্ষাঘাতে আক্রান্ত হয়ে শয্যাশায়ী ছিলেন। বর্তমানে স্বামী-স্ত্রী দুজনই অসুস্থ অবস্থায় অসহায় দিন পার করছেন।

জানা যায়, তাদের নিজস্ব কোনো জমিজমা বা স্থায়ী বসতভিটা নেই। অন্যের বাড়িতে আশ্রয় নিয়ে তারা বসবাস করছেন। একমাত্র ছেলে প্রায় পাঁচ বছর ধরে নিখোঁজ থাকায় তাদের দেখভালের মতো আপনজনও নেই।

এলাকাবাসী জানান, একসময় অনিল সরকার কষ্ট করে হলেও সংসারের খরচ চালাতেন। কিন্তু অসুস্থতার পর থেকে তিনি সম্পূর্ণভাবে অন্যের সহযোগিতার ওপর নির্ভরশীল হয়ে পড়েছেন। নিয়মিত চিকিৎসা, ওষুধ ও প্রয়োজনীয় পুষ্টিকর খাবারের অভাবে তাদের শারীরিক অবস্থার আরও অবনতি হচ্ছে।

স্থানীয়রা বলেন, অনিল সরকার দম্পতির কষ্টের কথা অনেকেরই অজানা। সামান্য সহযোগিতা পেলেও তারা কিছুটা স্বস্তিতে জীবন কাটাতে পারবেন।

সচেতন মহল অসহায় এই দম্পতির চিকিৎসা ও জীবনযাপনের জন্য সরকারি সহায়তা, সামাজিক সংগঠন এবং সমাজের বিত্তবান মানুষদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।

মানবিক সহায়তার আশায় দিন কাটাচ্ছেন অনিল সরকার ও তাঁর স্ত্রী। তাদের পাশে দাঁড়াতে সমাজের সহৃদয় মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন এলাকাবাসী।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ: