ছবি:সংগৃহীত
সিলেট মহানগরীর যানজট নিরসন, সড়ক নিরাপত্তা বৃদ্ধি এবং নাগরিক সুবিধা সম্প্রসারণের লক্ষ্যে ৫ দফা দাবি জানিয়ে সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর কাছে স্মারকলিপি প্রদান করেছে সিলেট বিভাগ গণদাবী পরিষদ কেন্দ্রীয় কমিটি।
মঙ্গলবার (১৬ জুন) বিকেলে সংগঠনের নেতৃবৃন্দ সিসিক প্রশাসকের কার্যালয়ে উপস্থিত হয়ে এসব দাবি সংবলিত স্মারকলিপি তুলে দেন।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন সিলেট বিভাগ গণদাবী পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক এম শফিকুর রহমান, সাধারণ সম্পাদক আলহাজ্ব মনসুর আহমদ লস্কর, সহ-সভাপতি হাজী মো. আনোয়ার হোসেন, মো. মুছলেহ উদ্দিন, মো. বেলাল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মনোরঞ্জন তালুকদার, কেন্দ্রীয় নেতা মামুন চৌধুরীসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
স্মারকলিপিতে উল্লেখ করা ৫ দফা দাবির মধ্যে রয়েছে-
১. নগরীর গুরুত্বপূর্ণ আম্বরখানা থেকে বিমানবন্দর সড়কে প্রবাসী ও সাধারণ মানুষের নিরাপদ চলাচল নিশ্চিত করতে পর্যাপ্ত সিসি ক্যামেরা ও আধুনিক স্ট্রিট লাইট স্থাপন করা। পাশাপাশি আম্বরখানা ও মজুমদারী এলাকার মানুষের দুর্ভোগ কমাতে ভোলাগঞ্জগামী বাসস্ট্যান্ড দ্রুত লাকাতুরা এলাকার নির্ধারিত স্থানে স্থানান্তর এবং সড়ক নিরাপত্তা জোরদার করা।
২. শাহপরান ব্রিজ, শাহজালাল ১ম সেতু, কীন ব্রিজ, কাজিরবাজার সেলফি ব্রিজ, শাহজালাল ২য় সেতু ও কুমারগাঁও ব্রিজসহ গুরুত্বপূর্ণ সেতুগুলোতে ছিনতাই প্রতিরোধে আধুনিক আলোকসজ্জা ও পর্যাপ্ত সিসি ক্যামেরা স্থাপন করা।
৩. তেমুখী থেকে বাদাঘাট জেলা কারাগার পর্যন্ত চার লেন মহাসড়কে পর্যাপ্ত আলোকসজ্জার ব্যবস্থা করা, যাতে রাতের বেলায় পথচারী ও সংশ্লিষ্ট এলাকার মানুষের নিরাপত্তা নিশ্চিত হয়।
৪. দীর্ঘদিন ধরে প্রস্তাবিত শাহজালাল উপশহর, খাদিম, এয়ারপোর্ট রোড, তেমুখী ও বাদাঘাট কারাগার সংলগ্ন এলাকায় ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন প্রকল্প দ্রুত বাস্তবায়ন করা।
৫. সিলেট মহানগরীর যানজট নিরসনে সরকারের প্রস্তাবিত তিনমুখী ফ্লাইওভার নির্মাণ করা এবং ভবিষ্যৎ নগর পরিকল্পনার অংশ হিসেবে বটেশ্বর, সালুটিকর, বাদাঘাট নতুন কারাগার, টুকেরবাজারের পশ্চিম জাঙ্গাইল পয়েন্ট, দক্ষিণ সুরমার সিলাম, বলদী, তেলিবাজার বাইপাস সড়কসহ মোল্লারগাঁও ইউনিয়ন পর্যন্ত সিটি কর্পোরেশনের সীমানা সম্প্রসারণের উদ্যোগ নেওয়া।
স্মারকলিপিতে নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, এসব জনস্বার্থসংশ্লিষ্ট দাবি দ্রুত বাস্তবায়ন করা হলে সিলেট মহানগরীর নাগরিক জীবন আরও নিরাপদ ও আধুনিক হবে। তারা বলেন, দীর্ঘদিনের এসব সমস্যা সমাধানে প্রশাসনের কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ প্রয়োজন।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




