প্রধানমন্ত্রীর সিলেট সফর: বিমানবন্দরে যুবদলের বর্ণাঢ্য সংবর্ধনার প্রস্তুতি
বুধবার, ১৭ জুন ২০২৬, ০১:২৯ AM

প্রধানমন্ত্রীর সিলেট সফর: বিমানবন্দরে যুবদলের বর্ণাঢ্য সংবর্ধনার প্রস্তুতি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৬/০৬/২০২৬ ০৯:০৩:৫৩ PM

প্রধানমন্ত্রীর সিলেট সফর: বিমানবন্দরে যুবদলের বর্ণাঢ্য সংবর্ধনার প্রস্তুতি

ছবি:সংগৃহীত


আগামীকাল বুধবার (১৭ জুন) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান সিলেট সফরে আসছেন। প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে সিলেট জেলা ও মহানগর যুবদলের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। তাঁকে স্বাগত জানাতে বিমানবন্দরে বর্ণাঢ্য সংবর্ধনার আয়োজন করেছে সংগঠনটি।

সফরসূচি অনুযায়ী, বুধবার সকালে প্রধানমন্ত্রী সিলেট বিমানবন্দরে পৌঁছাবেন। পরে সড়কপথে মৌলভীবাজারের উদ্দেশ্যে যাত্রা করে শ্রীমঙ্গল উপজেলার ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠ এবং মৌলভীবাজার সদর উপজেলার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে সরকারি ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির তৃতীয় পর্যায়ের উদ্বোধন করবেন।

প্রধানমন্ত্রীর আগমনকে উৎসবমুখর পরিবেশে বরণ করে নিতে সিলেট জেলা ও মহানগর যুবদল বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, বুধবার সকাল সাড়ে ৯টায় সিলেট বিমানবন্দর সংলগ্ন গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসোর্টের সামনে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (১৬ জুন) এক যৌথ বিবৃতিতে কর্মসূচি সফল করতে আহ্বান জানিয়েছেন সিলেট জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিন, মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বক্ত চৌধুরী তারেক, জেলা যুবদলের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক মকসুদ আহমদ এবং মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা মো. সম্রাট হোসেন।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, প্রধানমন্ত্রীর সিলেট সফরকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। সফরকে সুশৃঙ্খল ও উৎসবমুখর করতে যুবদল সর্বাত্মকভাবে কাজ করছে।

তারা সিলেট জেলা ও মহানগর যুবদলের সর্বস্তরের নেতাকর্মী, উপজেলা, পৌর এবং মহানগরের সকল ওয়ার্ড ইউনিটের নেতৃবৃন্দ ও সমর্থকদের নির্ধারিত সময়ের আগেই সংবর্ধনা স্থলে উপস্থিত হয়ে কর্মসূচি সফল করার আহ্বান জানান।


জৈন্তা বার্তা / ওয়াদুদ