শাবিপ্রবিতে মার্কিন যুক্তরাষ্ট্রের ‘মিনি ফাউন্ডার্স মিউজিয়াম’ উদ্বোধন
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১১:৪০ AM

শাবিপ্রবিতে মার্কিন যুক্তরাষ্ট্রের ‘মিনি ফাউন্ডার্স মিউজিয়াম’ উদ্বোধন

শাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ০৭/০৭/২০২৬ ০৫:৪৩:৫৪ PM

শাবিপ্রবিতে মার্কিন যুক্তরাষ্ট্রের ‘মিনি ফাউন্ডার্স মিউজিয়াম’ উদ্বোধন

সংগৃহীত


আজ মঙ্গলবার (৭ জুলাই) মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে ‘আমেরিকা সপ্তাহ’-এর অংশ হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)-তে একটি ‘মিনি ফাউন্ডার্স মিউজিয়াম’ উদ্বোধন করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। এ সময় তিনি বিশ্ববিদ্যালয়কে মার্কিন ইতিহাসবিষয়ক বইয়ের একটি বিশেষ সংগ্রহও উপহার দেন।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বলেন, শাবিপ্রবিতে এটি তাঁর প্রথম সফর এবং বাংলাদেশে যুক্তরাষ্ট্রের ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে এখানে আসতে পেরে তিনি আনন্দিত। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ইতিহাস শুধু একটি দেশের প্রতিষ্ঠার গল্প নয়; এটি স্বাধীনতা, গণতন্ত্র এবং মানবিক মূল্যবোধের প্রতীক। তিনি আশা প্রকাশ করেন, ফাউন্ডার্স মিউজিয়ামটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও গবেষকদের যুক্তরাষ্ট্রের ইতিহাস, স্বাধীনতার সংগ্রাম এবং গণতান্ত্রিক আদর্শ সম্পর্কে জানার সুযোগ সৃষ্টি করবে।

রাষ্ট্রদূত আরও বলেন, যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসের উদ্যোগে বিশ্বের বিভিন্ন দেশে এই ‘ফাউন্ডার্স মিউজিয়াম’ প্রদর্শনী স্থাপন করা হচ্ছে, যাতে নতুন প্রজন্ম যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠার ইতিহাস সম্পর্কে জানতে পারে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়কে উপহার দেওয়া বইগুলো শিক্ষার্থীদের মধ্যে ইতিহাসচর্চা ও জ্ঞানচর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে শাবিপ্রবির ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ খায়রুল ইসলাম রাষ্ট্রদূত এবং ঢাকাস্থ মার্কিন দূতাবাসকে ধন্যবাদ জানিয়ে বলেন, এই প্রদর্শনী ও বইয়ের সংগ্রহ শুধু ঐতিহাসিক উপহার নয়, এটি জ্ঞান, সংলাপ এবং অনুপ্রেরণার এক মূল্যবান সংযোজন। এর মাধ্যমে শিক্ষার্থীরা যুক্তরাষ্ট্রের ইতিহাস, গণতান্ত্রিক মূল্যবোধ, নেতৃত্ব, উদ্ভাবন ও বৈশ্বিক নাগরিকত্ব সম্পর্কে আরও সমৃদ্ধ ধারণা লাভ করবে।

তিনি বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে এবং শাবিপ্রবির বহু শিক্ষার্থী যুক্তরাষ্ট্রের বিভিন্ন খ্যাতনামা বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর, পিএইচডি ও পোস্টডক্টরাল পর্যায়ে উচ্চশিক্ষার সুযোগ পাচ্ছেন। এ ধরনের উদ্যোগ দুই দেশের শিক্ষা ও গবেষণা সহযোগিতাকে আরও শক্তিশালী করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ভাইস চ্যান্সেলর আরও বলেন, শাবিপ্রবি দেশের প্রথম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হিসেবে শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। ভবিষ্যতেও মার্কিন দূতাবাসের সঙ্গে যৌথভাবে শিক্ষা ও একাডেমিক সহযোগিতা আরও সম্প্রসারিত হবে বলে তিনি প্রত্যাশা করেন এবং রাষ্ট্রদূতকে পুনরায় বিশ্ববিদ্যালয় সফরের আমন্ত্রণ জানান।

অনুষ্ঠানে প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ সাজেদুল করিম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ ইসমাইল হোসেন, বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, প্রক্টর, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক, যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত সাবেক শিক্ষার্থী (ইউএস অ্যালামনাই) এবং ঢাকাস্থ মার্কিন দূতাবাসের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয়ের সোশ্যাল সায়েন্স ভবনের টিচার্স লাউঞ্জে স্থাপিত ‘মিনি ফাউন্ডার্স মিউজিয়াম’-এ যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ঘোষণাপত্রে স্বাক্ষরকারী ব্যক্তিবর্গ, দেশটির প্রতিষ্ঠার গুরুত্বপূর্ণ ঐতিহাসিক মুহূর্ত এবং স্বাধীনতার ইতিহাসভিত্তিক বিভিন্ন আলোকচিত্র ও তথ্যচিত্র প্রদর্শিত হয়।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী
এই বাংলাদেশ সবার, সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকবে’ - মন্ত্রী আরিফুল হক
সুনামগঞ্জে ৫০ লাখ টাকার ভা'রতীয় শাড়ির চালান জ'ব্দ
সিলেটসহ ৮ অঞ্চলে ঝ'ড়-বৃষ্টির আভাস
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা
ঝোপঝাড়ে ঢেকে যাচ্ছে সিলেট-জকিগঞ্জ সড়ক
দারিদ্রতা যেন কোনো শিশুর শিক্ষাজীবনের প্রতিবন্ধক না হয়- আব্দুল কাইয়ুম চৌধুরী