মীরেরচকে নদীভাঙন পরিদর্শনে সিসিক প্রশাসক
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪১ PM

ভাঙন রোধে ৪ হাজার ৬৩৫ কোটি টাকার প্রকল্প

মীরেরচকে নদীভাঙন পরিদর্শনে সিসিক প্রশাসক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৮/০৯/২০২৬ ০৮:৫২:৪১ PM

মীরেরচকে নদীভাঙন পরিদর্শনে সিসিক প্রশাসক

ছবি:সংগৃহীত


সিলেট নগরীর ৩১ নম্বর ওয়ার্ডের মীরেরচকে নদীভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেছেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে তিনি মীরেরচকের ভাঙনকবলিত বিভিন্ন এলাকা ঘুরে দেখেন। এ সময় স্থানীয় বাসিন্দারা নদীভাঙনের ভয়াবহতা তুলে ধরে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

এলাকাবাসী জানান, ভাঙন অব্যাহত থাকলে অনেক পরিবার বসতভিটা ও সম্পদ হারিয়ে সর্বস্বান্ত হওয়ার আশঙ্কায় রয়েছে। তারা নদীভাঙন রোধে দ্রুত স্থায়ী ব্যবস্থা গ্রহণের জন্য সিসিক প্রশাসকের প্রতি আহ্বান জানান।

পরিদর্শনকালে আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, বন্যা, জলাবদ্ধতা ও নদীভাঙন মোকাবিলায় ইতোমধ্যে ৪ হাজার ৬৩৫ কোটি টাকা ব্যয়ে একটি বড় প্রকল্প গ্রহণ করা হয়েছে। প্রকল্পের আওতায় শহররক্ষা বাঁধ নির্মাণসহ নদীভাঙন ও জলাবদ্ধতা নিরসনে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে।

তিনি বলেন, সিলেটের মানুষের দীর্ঘদিনের বন্যা, জলাবদ্ধতা ও নদীভাঙনের সমস্যা স্থায়ীভাবে সমাধানে সমন্বিত উদ্যোগ প্রয়োজন। শুধু তাৎক্ষণিকভাবে ভাঙন ঠেকানো নয়, ভবিষ্যতে এসব দুর্যোগ যাতে মানুষের জীবন ও সম্পদের ওপর বড় ধরনের প্রভাব ফেলতে না পারে, সে বিষয়টিও বিবেচনায় নেওয়া হয়েছে।

সিসিক প্রশাসক আরও বলেন, ৩১ নম্বর ওয়ার্ডের বিভিন্ন সড়ক, ড্রেনসহ অবকাঠামো উন্নয়নে প্রায় ১৫ কোটি টাকার কাজ চলমান রয়েছে। নগরীর অন্যান্য এলাকার মতো মীরেরচকসহ অনুন্নত এলাকাগুলোও পর্যায়ক্রমে উন্নয়নের আওতায় আনা হবে।

মীরেরচকে সড়ক নির্মাণের বিষয়ে তিনি বলেন, নগরীর মানসম্মত সড়কব্যবস্থার সঙ্গে সামঞ্জস্য রেখে প্রশস্ত সড়ক নির্মাণ করতে হলে সড়কের উভয় পাশে বসবাসকারী ও ভূমির মালিকদের জনস্বার্থে প্রয়োজনীয় জায়গা ছেড়ে দিতে হবে। এলাকাবাসীর সম্মিলিত সহযোগিতা ছাড়া পরিকল্পিত ও প্রশস্ত সড়ক নির্মাণ সম্ভব নয়।

তিনি বলেন, সড়ক নির্মাণ ও যোগাযোগব্যবস্থার উন্নয়ন হলে মীরেরচকের সার্বিক চিত্র বদলে যাবে। এলাকার উন্নয়ন হলে জমির মূল্যও বাড়বে। তাই বৃহত্তর জনস্বার্থে সামান্য জায়গা ছেড়ে দেওয়ার সুফল শেষ পর্যন্ত এলাকাবাসীই পাবেন।

পরে সিসিক প্রশাসক ৩১ নম্বর ওয়ার্ডের বৃহত্তর মীরেরচক এলাকার বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।

এর আগে তিনি জামেয়া আ'লীমুস সুন্নাহ মাদ্রাসা ও মুরাদপুর এলাকায় সড়ক উন্নয়নকাজ পরিদর্শন করেন।

জৈন্তা বার্তা / ওয়াদুদ