'প্রয়োজনে নিজেই মাঠে নামব'- শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১১:৪০ AM

জৈন্তাপুরে অবৈধ বালু-পাথর উত্তোলনের বিরুদ্ধে কঠোর অভিযানের ঘোষণা

'প্রয়োজনে নিজেই মাঠে নামব'- শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৭/০৭/২০২৬ ০৮:০৯:২১ PM

'প্রয়োজনে নিজেই মাঠে নামব'-  শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী

ছবি:সংগৃহীত


জৈন্তাপুরকে মাদক, চোরাচালান ও সব ধরনের অবৈধ কর্মকাণ্ডমুক্ত করতে আগামী ১ আগস্ট থেকে কঠোর অভিযান পরিচালনার ঘোষণা দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেছেন, মাদক, চোরাচালান ও অবৈধ বালু-পাথর উত্তোলনের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। প্রয়োজনে কোনো আনুষ্ঠানিক কর্মসূচি ছাড়াই তিনি নিজে মাঠে নেমে অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে কাজ করবেন বলেও জানান মন্ত্রী।

মঙ্গলবার (৮ জুলাই) বিকেলে সিলেটের জৈন্তাপুর উপজেলার জামিয়া আরাবিয়া দারুল হাদিস ইমদাদুল উলুম লামনীগ্রাম মাদ্রাসার নিচতলার সভাকক্ষে উপজেলার সুধীজনদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘জৈন্তাপুরকে মাদকমুক্ত করতে জিরো টলারেন্স নীতি অনুসরণ করতে হবে। আটক মাদকসেবী বা মাদক কারবারির পক্ষে যে-ই কথা বলুক, তাকেও আইনের আওতায় আনতে হবে।’

তিনি বলেন, সীমান্ত দিয়ে প্রতিনিয়ত অবৈধ পণ্য দেশে প্রবেশ করছে। গভীর রাতে চোরাচালান পণ্যবাহী যানবাহনের বেপরোয়া চলাচলে সাধারণ মানুষ ঝুঁকির মুখে পড়ছে। এ ধরনের কর্মকাণ্ড আগামী প্রজন্মের ভবিষ্যৎকে হুমকির মুখে ঠেলে দিচ্ছে।

আরিফুল হক চৌধুরী বলেন, সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন এবং পরিবহন করা হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যবস্থা নিতে গেলে একটি মহল মব সৃষ্টি করে সড়ক অবরোধের মাধ্যমে জনদুর্ভোগ সৃষ্টি করছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

তিনি আগামী তিন সপ্তাহের মধ্যে সীমান্তবর্তী বাজার ও পাড়া-মহল্লায় স্থানীয় প্রশাসন, পুলিশ, বিজিবি, জনপ্রতিনিধি এবং সামাজিক ব্যক্তিদের সমন্বয়ে জনসচেতনতামূলক সভা আয়োজনের নির্দেশ দেন। একই সঙ্গে আগামী ১ আগস্ট থেকে মাদক, চোরাচালান এবং অবৈধ বালু-পাথর উত্তোলনের বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনার ঘোষণা দেন। প্রয়োজনে কোনো আনুষ্ঠানিক কর্মসূচি ছাড়াই তিনি নিজে মাঠে নেমে অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে কাজ করবেন বলেও জানান।

সভায় ৪ নম্বর দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম বাহার বন্ধ থাকা পাথর কোয়ারি সনাতন পদ্ধতিতে চালু এবং কর্মসংস্থান সৃষ্টির বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, এটি তাঁর নির্বাচনী অঙ্গীকার। আগামী ১৯ জুলাই এ বিষয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হবে। ওই বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

এর আগে বিকেল সাড়ে ৪টায় মন্ত্রী জামিয়া আরাবিয়া দারুল হাদিস ইমদাদুল উলুম লামনীগ্রাম মাদ্রাসায় পৌঁছে প্রতিষ্ঠানের সদ্যপ্রয়াত মুহতামিম মরহুম মাওলানা আব্দুল জব্বার (রহ.)-এর কবর জিয়ারত করেন। পরে তাঁর স্মরণে আয়োজিত দোয়া মাহফিল ও ‘জীবন ও কর্ম’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। সভায় সভাপতিত্ব করেন মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল কুদ্দুস।

মতবিনিময় সভায় জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) পিংকি সাহা, পুলিশ সুপার ড. চৌধুরী মো. জাবের সাদেক, সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর সহকারী পরিচালক মুহীদুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ সুনন্দা রায়, জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা, উপজেলা বিএনপির সভাপতি হাজি আবদুর রশিদসহ প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী
এই বাংলাদেশ সবার, সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকবে’ - মন্ত্রী আরিফুল হক
সুনামগঞ্জে ৫০ লাখ টাকার ভা'রতীয় শাড়ির চালান জ'ব্দ
সিলেটসহ ৮ অঞ্চলে ঝ'ড়-বৃষ্টির আভাস
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা
ঝোপঝাড়ে ঢেকে যাচ্ছে সিলেট-জকিগঞ্জ সড়ক
দারিদ্রতা যেন কোনো শিশুর শিক্ষাজীবনের প্রতিবন্ধক না হয়- আব্দুল কাইয়ুম চৌধুরী