‘সিলেট বক্সিং একাডেমি’র যাত্রা শুরু
রবিবার, ১২ জুলাই ২০২৬, ১২:০৯ AM

‘সিলেট বক্সিং একাডেমি’র যাত্রা শুরু

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১১/০৭/২০২৬ ০৯:২৭:২৪ PM

‘সিলেট বক্সিং একাডেমি’র যাত্রা শুরু

ছবি:সংগৃহীত


সিলেট জেলা ক্রীড়া সংস্থার সার্বিক সহযোগিতায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে সিলেট বক্সিং একাডেমি। শুক্রবার (১০ জুলাই) সন্ধ্যায় সিলেট ক্রীড়া ভবনে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সিলেট বক্সিং একাডেমির সভাপতি রাজিব দাসের সভাপতিত্বে এবং প্রতিষ্ঠাতা, প্রধান প্রশিক্ষক ও সাধারণ সম্পাদক আব্দুর রহমান সানীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট জেলা ক্রীড়া অফিসার মো. নুর হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সিলেট জেলা স্টেডিয়ামে এই প্রথম একটি বক্সিং একাডেমির যাত্রা শুরু হলো। এই উদ্যোগের মাধ্যমে সিলেটে বক্সিং চর্চার দীর্ঘদিনের শূন্যতা দূর হবে বলে তিনি আশা প্রকাশ করেন। এখান থেকে ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক মানের বক্সার তৈরি হবে, যারা দেশের জন্য সাফল্য বয়ে আনবে এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে।

তিনি আরও বলেন, বর্তমান প্রজন্মকে মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহার, মাদকাসক্তি ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। বক্সিং শুধু একটি প্রতিযোগিতামূলক খেলা নয়, এটি শৃঙ্খলা, আত্মবিশ্বাস ও মানসিক দৃঢ়তা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একাডেমির কার্যক্রম সফল করতে তিনি সিলেট জেলা ক্রীড়া সংস্থা এবং স্থানীয় ক্রীড়াপ্রেমী মানুষকে সহযোগিতার আহ্বান জানান।

অনুষ্ঠানে বক্তব্য দেন একাডেমির উপদেষ্টা হাজী মিলাদ আহমদ, দীপাল কুমার সিংহ, সৈয়দ সামির সোয়াদ, সহ-সভাপতি মো. আব্দুর রাকিব মিয়া, সহ-সাধারণ সম্পাদক শেখ আশরাফুল ইসলাম সাব্বির, সাংগঠনিক সম্পাদক সেলিম আহমদ, অর্থ সম্পাদক শারমিন সুলতানা, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নাহিদ বক্স রাজিব এবং দপ্তর ও প্রচার সম্পাদক শাহ তাহসিন।

এছাড়া অনুষ্ঠানে মো. ইমতিয়াজ বাহার, সাব্বির, রাসেলসহ একাডেমির সদস্য, ক্রীড়াবিদ ও ক্রীড়ামোদীরা উপস্থিত ছিলেন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ