সিলেটে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের বিভাগীয় অভিনয় কর্মশালা সম্পন্ন
রবিবার, ১২ জুলাই ২০২৬, ১২:০৮ AM

সিলেটে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের বিভাগীয় অভিনয় কর্মশালা সম্পন্ন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১১/০৭/২০২৬ ১১:০৫:৫৪ PM

সিলেটে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের বিভাগীয় অভিনয় কর্মশালা সম্পন্ন

ছবি:সংগৃহীত


বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির যৌথ উদ্যোগে সিলেট বিভাগের দুই দিনব্যাপী অভিনয় বিষয়ক কর্মশালা-২০২৬ সফলভাবে সম্পন্ন হয়েছে। কর্মশালায় সিলেট বিভাগের বিভিন্ন নাট্যসংগঠনের ৪১ জন নাট্যকর্মী অংশগ্রহণ করেন।

শনিবার (১১ জুলাই) বিকেলে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইউনিভার্সিটি সেন্টারে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের অনুষ্ঠান সম্পাদক ও কর্মশালার আহ্বায়ক খন্দকার শাহ আলম, সিলেট সম্মিলিত নাট্য পরিষদের প্রধান পরিচালক শামসুল বাসেত শেরু এবং নাট্যসংগঠক ও ‘দুধওয়ালা’-এর অন্যতম স্বত্বাধিকারী মোতাহের সোহেল উপস্থিত ছিলেন।

সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেন বিয়ানীবাজার সাংস্কৃতিক কমান্ডের সভাপতি আব্দুল ওয়াদুদ, বন্ধন থিয়েটারের সভাপতি সামির পল্লব, দিক থিয়েটারের সভাপতি অনন্য, থিয়েটার সুনামগঞ্জের প্রতিনিধি তাজিন, রংগালয় সুনামগঞ্জ থিয়েটারের সভাপতি তামিম আহমেদসহ বিভিন্ন নাট্যসংগঠনের নেতৃবৃন্দ। বক্তারা বলেন, নাট্যচর্চার মানোন্নয়ন, দক্ষ অভিনয়শিল্পী গড়ে তোলা এবং নতুন প্রজন্মকে মঞ্চনাটকের প্রতি আগ্রহী করে তুলতে এ ধরনের প্রশিক্ষণ কর্মশালার ধারাবাহিক আয়োজন জরুরি।

কর্মশালা শেষে অংশগ্রহণকারী সকল নাট্যকর্মীর হাতে সনদপত্র তুলে দেওয়া হয়।

এর আগে ১০ জুলাই একই ভেন্যুতে কর্মশালার উদ্বোধন করেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের অর্থ সম্পাদক রফিক উল্লাহ সেলিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেডারেশনের দপ্তর ও প্রশিক্ষণ বিষয়ক ভারপ্রাপ্ত সম্পাদক ও কর্মশালার সদস্যসচিব খোরশেদুল আলম, সিলেট সম্মিলিত নাট্য পরিষদের প্রধান পরিচালক শামসুল বাসেত শেরু, কথাকলির সভাপতি নীলাঞ্জন দাশ টুকু এবং সিলেট জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার আল মামুন।

দুই দিনের কর্মশালায় প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন বিশিষ্ট নাট্যকার, নাট্যগবেষক ও নাট্যনির্মাতা এবং রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক ড. সাইদুর রহমান লিখন। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অভিনয়ের তত্ত্ব, কৌশল ও ব্যবহারিক বিভিন্ন বিষয়ে নিবিড় প্রশিক্ষণ দেওয়া হয়।

কর্মশালায় অংশ নেয় শায়েস্তাগঞ্জ থিয়েটার, প্রতীক থিয়েটার, খোয়াই থিয়েটার, দেশ নাট্যগোষ্ঠী, জীবনচক্র থিয়েটার, তারুণ্য নাট্যগোষ্ঠী, কথাকলি, থিয়েটার সাস্ট, নবশিখা, বিয়ানীবাজার সাংস্কৃতিক কমান্ড, নাট্যায়ন, থিয়েটার বাংলা, দিক থিয়েটার, বন্ধন থিয়েটার, রংগালয় সুনামগঞ্জ থিয়েটার, থিয়েটার সুনামগঞ্জ, প্রসেনিয়াম থিয়েটারসহ বিভিন্ন নাট্যসংগঠন। এছাড়া শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নাট্যদলের সদস্যরাও এতে অংশ নেন।

পুরো কর্মশালার সার্বিক সমন্বয়ের দায়িত্ব পালন করেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মো. জালাল উদ্দিন রুমি। আয়োজকরা জানান, সিলেট বিভাগের নাট্যচর্চার মানোন্নয়ন, দক্ষ অভিনয়শিল্পী তৈরি এবং নাট্যসংগঠনগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করতেই এ কর্মশালার আয়োজন করা হয়েছে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ