ছবি:সংগৃহীত
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ফটোগ্রাফি বিষয়ক সংগঠন শাহজালাল ইউনিভার্সিটি ফটোগ্রাফারস অ্যাসোসিয়েশনের (সুপা) উদ্যোগে তিন দিনব্যাপী আন্তর্জাতিক আলোকচিত্র প্রদর্শনীর প্রথম পর্ব শুরু হয়েছে। এতে বাংলাদেশসহ বিশ্বের ২১টি দেশের আলোকচিত্রীরা অংশ নিয়েছেন।
বৃহস্পতিবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাভবন ‘ডি’-এর নিচতলায় আয়োজিত অনুষ্ঠানে সংগঠনটির উপদেষ্টারা প্রদর্শনীর উদ্বোধন করেন। আয়োজকদের জানান, প্রথম পর্বের এই প্রদর্শনী আগামী ৮ আগস্ট রাত ৮টা পর্যন্ত চলবে।
এরপর প্রদর্শনীর দ্বিতীয় পর্ব আগামী ২৮ ও ২৯ আগস্ট ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত মুক্তিযুদ্ধ জাদুঘরে অনুষ্ঠিত হবে।
আয়োজকরা জানান, প্রদর্শনীর জন্য বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে চার হাজারের বেশি আলোকচিত্র জমা পড়ে। প্রাথমিক বাছাইয়ে ভারত, স্পেন, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানি, অস্ট্রিয়া, ইথিওপিয়া, থাইল্যান্ড, নেদারল্যান্ডস, মেক্সিকোসহ ২১টি দেশের প্রায় ৫০০টি ছবি অন্তর্ভুক্ত করা হয়। পরে বিচারকদের মূল্যায়নের মাধ্যমে চূড়ান্ত প্রদর্শনীর জন্য ৮১টি আলোকচিত্র নির্বাচিত হয়।
আলোকচিত্র নির্বাচন প্রক্রিয়ায় বিচারকের দায়িত্ব পালন করেন পাঠশালা সাউথ এশিয়ান মিডিয়া ইনস্টিটিউটের ফটোগ্রাফি বিভাগের প্রধান খন্দকার তানভির মুরাদ, প্রখ্যাত আলোকচিত্রী মিশুক আশরাফুল আওয়াল এবং শফিকুল আলম কিরণ।
নির্বাচিত আলোকচিত্রগুলো একক (ক্যামেরা), মোবাইল এবং ফটো স্টোরি-এই তিনটি বিভাগে প্রদর্শিত হচ্ছে। প্রদর্শনীতে মোট ৪০০ মার্কিন ডলার সমমূল্যের পুরস্কার ঘোষণা করা হয়েছে। আয়োজকরা জানান, প্রদর্শনীটি সকল দর্শনার্থীর জন্য উন্মুক্ত
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




