খেলার মাঠে মেলা বন্ধ ও রাত ৯টা পর্যন্ত দোকান খোলার দাবি
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৩ PM

খেলার মাঠে মেলা বন্ধ ও রাত ৯টা পর্যন্ত দোকান খোলার দাবি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০/০৯/২০২৬ ০৯:৫৩:৫৮ PM

খেলার মাঠে মেলা বন্ধ ও রাত ৯টা পর্যন্ত দোকান খোলার দাবি

ছবি:সংগৃহীত


শাহী ঈদগাহ খেলার মাঠে উইমেন্স চেম্বারের মেলা আয়োজন বন্ধ এবং দোকানপাট বন্ধের সময় রাত ৮টার পরিবর্তে রাত ৯টা পর্যন্ত বর্ধিত করার দাবি জানিয়েছে সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদ।

রোববার (২০ সেপ্টেম্বর) বিকেল ৩টায় সিলেট জেলা প্রশাসকের কাছে সার্কিট হাউসে এ দাবিতে স্মারকলিপি দেন সংগঠনের নেতৃবৃন্দ।

স্মারকলিপিতে ব্যবসায়ী নেতারা বলেন, সরকার গৃহীত বিদ্যুৎ সাশ্রয়ী নীতির প্রতি তারা নীতিগতভাবে শ্রদ্ধাশীল। তবে রাত ৮টায় দোকানপাট বন্ধের বাধ্যবাধকতার কারণে দূর-দূরান্ত থেকে আসা ক্রেতা, চাকরিজীবী ও সাধারণ মানুষ পর্যাপ্ত সময় নিয়ে কেনাকাটা করতে পারছেন না। এতে নগরীর স্বাভাবিক বাণিজ্যিক কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি ব্যবসায়ীরা অর্থনৈতিক ক্ষতির মুখে পড়ছেন।

ব্যবসায়ী নেতারা বলেন, দোকানপাট বন্ধের সময় এক ঘণ্টা বাড়িয়ে রাত ৯টা পর্যন্ত করা হলে বিদ্যুৎ সাশ্রয়ের মূল উদ্দেশ্য ব্যাহত হবে না। একই সঙ্গে ব্যবসায়ী সংগঠনগুলোর পক্ষ থেকে অপ্রয়োজনীয় আলোকসজ্জা পরিহার এবং সাশ্রয়ীভাবে বিদ্যুৎ ব্যবহারে ব্যবসায়ীদের উৎসাহিত করা হবে।

স্মারকলিপিতে শাহী ঈদগাহ খেলার মাঠে মেলা আয়োজন বন্ধের পাশাপাশি নগরীর ব্যবসায়ী ও সাধারণ ক্রেতাদের স্বার্থে দোকানপাট খোলা রাখার সময়সীমা পুনর্নির্ধারণের দাবি জানানো হয়।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের উপদেষ্টা ফুয়াদ বিন রশীদ, সভাপতি মো. আলী আকিক, সহসভাপতি মনিরুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল হাদি পাবেল, যুগ্ম সাধারণ সম্পাদক হোসেন আহমদ ও সুয়েব আহমদ অভি, সাংগঠনিক সম্পাদক রাসেল আহমদ, অর্থ সম্পাদক তাহমিদুল হাসান জাবেদ, সহসাংগঠনিক সম্পাদক মো. সাবুল মিয়া, আতাউর রহমান রজব ও রাসেল আলী।

এ ছাড়া সমাজকল্যাণ সম্পাদক দেলওয়ার হোসেন জয়, সাংস্কৃতিক সম্পাদক নিহার রঞ্জন, সাহিত্য সম্পাদক মামুনুর রশীদ, ধর্মবিষয়ক সম্পাদক মাওলানা ফিরোজ উদ্দিন, আপ্যায়ন সম্পাদক ইমাম উদ্দিন কামাল, মো. ওয়াজেদ খানসহ সিলেট মহানগর ব্যবসায়ী সমিতির অন্তর্ভুক্ত বিভিন্ন মার্কেটের সভাপতি, সাধারণ সম্পাদক ও অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ