ছবি:সংগৃহীত
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার দেশের খেলাধুলার উন্নয়নে কাজ করছে বলে জানিয়েছেন হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য এস এম ফয়সল।
তিনি বলেন, ‘প্রতি ইউনিয়নে একটি করে খেলার মাঠ দেওয়া হবে। এ লক্ষ্যে জায়গা নির্ধারণসহ প্রয়োজনীয় কার্যক্রম চলমান রয়েছে।’
রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে মাধবপুর উপজেলা পরিষদ হলরুমে চা শ্রমিকদের মধ্যে রেইনকোট এবং ক্রীড়াপ্রেমীদের মধ্যে ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এস এম ফয়সল বলেন, ‘এর আগে কখনো এভাবে খেলাধুলার সামগ্রী বিতরণ করা হয়নি। আমি আপনাদের সেবা করতে এসেছি। আমি জনগণের খাদিম। নিঃস্বার্থভাবে জনগণের সেবা করতে এসেছি। জনগণের অধিকার জনগণের হাতে পৌঁছে দেওয়া আমার কাজ।’
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন চা-বাগানের শ্রমিকদের মধ্যে রেইনকোট এবং স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে বিভিন্ন ধরনের ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।
মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সহসভাপতি ও ইউপি চেয়ারম্যান মো. পারভেজ হোসেন চৌধুরী, মীর খোরশেদ আলম, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান সোহাগ ও সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাধবপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




