২১ সেপ্টেম্বর নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ PM

২৪ সেপ্টেম্বর জাতিসংঘে বাংলায় ভাষণ

২১ সেপ্টেম্বর নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২০/০৯/২০২৬ ০৩:৫৮:৩৮ PM

২১ সেপ্টেম্বর নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন  প্রধানমন্ত্রী

ছবি:সংগৃহীত


জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে আগামী ২৪ সেপ্টেম্বর বিকেলে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর বক্তব্যে বাংলাদেশের গণতান্ত্রিক নবযাত্রা, আইনের শাসন ও জবাবদিহি, বিশ্ব শান্তি ও নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন, অর্থনৈতিক সহযোগিতা, আধুনিক প্রযুক্তির ন্যায়সংগত ব্যবহার এবং বহুপক্ষীয় ব্যবস্থার সংস্কারের বিষয়গুলো গুরুত্ব পাবে।

রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম। প্রধানমন্ত্রীর আসন্ন নিউইয়র্ক সফর উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

পররাষ্ট্রসচিব জানান, জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে যোগ দিতে আগামী ২১ সেপ্টেম্বর নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। সফর শেষে ২৫ সেপ্টেম্বর রাতে তাঁর দেশে ফেরার উদ্দেশে নিউইয়র্ক ছাড়ার কথা রয়েছে।

প্রধানমন্ত্রীর সফরসঙ্গী থাকছেন ৩৫ জন। তাঁদের মধ্যে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত রয়েছেন। এছাড়া বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এবং জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব গোলাম মহিউদ্দিনও সফরসঙ্গী হিসেবে থাকছেন।

প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফর সংক্ষিপ্ত করার বিষয়ে জানতে চাইলে আসাদ আলম সিয়াম বলেন, সফরকালে বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রা ও সুশাসন প্রতিষ্ঠা এবং রোহিঙ্গা সংকটের সমাধানসহ উচ্চপর্যায়ের মোট পাঁচটি বৈঠকে প্রধানমন্ত্রী অংশ নেবেন। এছাড়া জাতিসংঘ সম্মেলনের ফাঁকে বাংলাদেশ দুটি অনুষ্ঠানের আয়োজন করেছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ হবে কি না-এ বিষয়ে পররাষ্ট্রসচিব বলেন, বহুপক্ষীয় সফরের কর্মসূচিতে বিভিন্ন সময়ে সংযোজন-বিয়োজন হতে পারে।

তিনি বলেন, বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের পর জাতিসংঘের সর্বোচ্চ বৈশ্বিক মঞ্চে এটিই বাংলাদেশের প্রথম অংশগ্রহণ। এর মাধ্যমে বিশ্ববাসীর সামনে নতুন সরকারের রাজনৈতিক অঙ্গীকার ও ভবিষ্যৎ বাংলাদেশের রূপরেখা তুলে ধরার সুযোগ তৈরি হবে।

আসাদ আলম সিয়াম বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন। একই অধিবেশনে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সভাপতির দায়িত্ব পালন করছেন। ফলে বাংলাদেশের জন্য এবারের অধিবেশনটি বিশেষ তাৎপর্যপূর্ণ।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ