ছবি:সংগৃহীত
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী ১১ নম্বর ওয়ার্ডের কাজলশাহ-কুয়ারপাড় সড়ক পরিদর্শন করেছেন। রোববার (২০ সেপ্টেম্বর) বিকেলে তিনি সড়কটি পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি এলাকাবাসীর স্বার্থে সড়কটি প্রশস্ত ও সংস্কারের উদ্যোগ নেওয়ার কথা জানান। সড়ক প্রশস্তকরণের জন্য যারা নিজস্ব ভূমির অংশ ছেড়ে দিয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।সিসিক প্রশাসক বলেন, এলাকাবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবে কাজলশাহ-কুয়ারপাড় সড়কটি প্রশস্ত ও সংস্কার করা প্রয়োজন। এ জন্য সড়কের দুই পাশে যেসব জায়গায় প্রয়োজন, সেখানে ভূমি পাওয়ার বিষয়টি গুরুত্বপূর্ণ। যারা ইতোমধ্যে জনস্বার্থে নিজেদের ভূমির অংশ ছেড়ে দিয়েছেন, তাদের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই।
তিনি আরও বলেন, যাদের ভূমির কারণে সড়কটি প্রয়োজনীয়ভাবে প্রশস্ত করা সম্ভব হচ্ছে না, তাদের জনস্বার্থে স্বেচ্ছায় কিছু ভূমি ছেড়ে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। একটি ভালো ও প্রশস্ত সড়ক হলে এর সুফল শুধু একজন ব্যক্তি নয়, পুরো এলাকার মানুষ ভোগ করবেন।
এর আগে আব্দুল কাইয়ুম চৌধুরী নবাবরোডের বায়তুল মোয়াজ্জাম জামে মসজিদ পরিদর্শন এবং এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় করেন।এ সময় বায়তুল মোয়াজ্জাম জামে মসজিদ কমিটির সভাপতি ডা. ময়নুল ইসলাম, সাধারণ সম্পাদক হেলাল আহমদ, মুরুব্বি সমছু মিয়া, আহমদ মিয়া ও বেলাল আহমদ, নিরাময় ক্লিনিকের ব্যবস্থাপনা পরিচালক আব্দুর রহিম মতচ্ছির, মো. অপু আরাফাতসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




