মাহবুব আলী খানের নামে চণ্ডিপুল গোলচত্বরের নামকরণ হবে
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৩:২৪ AM

৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পরিবারের উদ্যোগে আয়োজিত আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলে পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম

মাহবুব আলী খানের নামে চণ্ডিপুল গোলচত্বরের নামকরণ হবে

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৭/০৮/২০২৬ ০১:১৫:৩২ AM

মাহবুব আলী খানের নামে চণ্ডিপুল গোলচত্বরের নামকরণ হবে

ছবি:সংগৃহীত


স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, বাংলাদেশ নৌবাহিনীর সাবেক প্রধান এবং সাবেক ডাক ও টেলিযোগাযোগ, যোগাযোগ ও কৃষিমন্ত্রী রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান জনকল্যাণে নিজের জীবন উৎসর্গ করেছিলেন। কর্মজীবনে নৌবাহিনীর প্রধান এবং মন্ত্রী হিসেবে দেশের উন্নয়নে তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) বাদ জোহর সিলেটের বিরাহিমপুরে মরহুমের গ্রামের বাড়িতে তাঁর ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পরিবারের উদ্যোগে আয়োজিত আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলীর স্মৃতি সংরক্ষণে সিলেটের চণ্ডিপুল গোলচত্বর তাঁর নামে নামকরণ করা হবে। পাশাপাশি শিশু পার্ক, হাসপাতালসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পে তাঁর নামে স্মৃতিফলক স্থাপনের উদ্যোগ নেওয়া হবে। দেশের গুণী ও কৃতী ব্যক্তিদের স্মৃতি সংরক্ষণে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, এসব উদ্যোগ বাস্তবায়নে স্থানীয় জনগণের সহযোগিতা প্রয়োজন এবং সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে মাহবুব আলী খানের অবদান নতুন প্রজন্মের কাছে তুলে ধরা সম্ভব হবে।

মরহুমের ভাতিজা ও খান বাহাদুর ডা. আসাদ্দর আলী খান ওয়াকফ এস্টেটের মুতাওয়াল্লি বাবর আলী খানের সভাপতিত্বে এবং হাজী আছাদ উদ্দিন আছাদ ও সুহেল ইবনে রাজার যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য এম এ মালিক, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম এবং সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম, সিলেট রেঞ্জের ডিআইজি জিল্লুর রহমান, সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার সরোয়ার মুর্শেদ শামীম, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সভাপতি হাজী শাহাব উদ্দিন, নাছির আলী খান, নাহিদ আলী খান, সাংবাদিক শিহাব আহমদ, বিএনপি নেতা মনিরুল ইসলাম তুরন, লোকমান আহমদ, রাসেল আহমদ রাসেলসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং সরকারি কর্মকর্তারা।

আলোচনা সভা শেষে মরহুমের রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে পরিবারের উদ্যোগে হযরত শাহজালাল (রহ.), শাহপরান (রহ.)-এর মাজার এবং লতিফিয়া হাফিজিয়া মাদ্রাসায় দোয়া মাহফিল ও শিরনি বিতরণ করা হয়।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ