‘এই পুনর্বহাল নেতাকর্মীদের ভালোবাসার প্রতিফলন’ - নাসিম হোসাইন
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০১:৩৪ AM

সিলেট মহানগর বিএনপি সভাপতির দায়িত্ব গ্রহণ

‘এই পুনর্বহাল নেতাকর্মীদের ভালোবাসার প্রতিফলন’ - নাসিম হোসাইন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৯/০৮/২০২৬ ১২:০২:২৯ AM

‘এই পুনর্বহাল নেতাকর্মীদের ভালোবাসার প্রতিফলন’ - নাসিম হোসাইন

ছবি:সংগৃহীত


সিলেট মহানগর বিএনপির নির্বাচিত সভাপতি নাসিম হোসাইন পুনরায় স্বপদে বহাল হয়ে আনুষ্ঠানিকভাবে সাংগঠনিক কার্যক্রম শুরু করেছেন। শনিবার (৮ আগস্ট) বিকেলে হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মধ্য দিয়ে তিনি দায়িত্ব গ্রহণের কার্যক্রম শুরু করেন। পরে মাজার মসজিদ প্রাঙ্গণে তাঁর উদ্যোগে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এর আগে বিকেল ৪টার দিকে ঢাকা থেকে বিমানযোগে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে মহানগর বিএনপির সর্বস্তরের নেতাকর্মীরা নাসিম হোসাইনকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানান। পরে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি মাজার প্রাঙ্গণে যান।

এ সময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন সিলেট-৬ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, কেন্দ্রীয় ক্ষুদ্রঋণবিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম, সিলেট জেলা বিএনপির সভাপতি ও সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

দায়িত্ব গ্রহণের পর নাসিম হোসাইন বলেন, ‘প্রথমেই পরম করুণাময় আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। একই সঙ্গে আমাদের প্রিয় নেতা বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। তিনি আমার ওপর পুনরায় আস্থা রেখে এই গুরুদায়িত্ব অর্পণ করেছেন।’

তিনি বলেন, ‘সিলেটের মাটি ও মানুষের প্রতি আমার দায়বদ্ধতা চিরকালের। এই পুনর্বহাল কেবল আমার একার বিজয় নয়, এটি সিলেটের তৃণমূল নেতাকর্মীদের ভালোবাসা এবং মেহনতের প্রতিফলন।’

দলের ভবিষ্যৎ কর্মকৌশল তুলে ধরে নাসিম হোসাইন বলেন, তারেক রহমানের নেতৃত্বে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে এগিয়ে নিতে সিলেট মহানগর বিএনপি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। মহানগর বিএনপিকে আরও শক্তিশালী, ঐক্যবদ্ধ ও সুশৃঙ্খল সংগঠন হিসেবে গড়ে তোলাই হবে তাঁর অন্যতম লক্ষ্য।

তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, দলের স্বার্থে সব ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কোনো অপশক্তি যেন দলের মধ্যে বিভেদ সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। জনগণের সেবক হিসেবে কাজ করার পাশাপাশি জনগণের অধিকার রক্ষায় সিলেট মহানগর বিএনপি রাজপথে অগ্রণী ভূমিকা পালন করবে।

মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেন, নাসিম হোসাইনকে স্বপদে পুনর্বহালের সিদ্ধান্ত সিলেটের তৃণমূল নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। নেতাকর্মীদের সরাসরি ভোটে নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে মহানগর বিএনপি আগামী দিনে আরও শক্তিশালী, ঐক্যবদ্ধ ও গতিশীল সংগঠনে পরিণত হবে।

তিনি আরও বলেন, দলের যেকোনো নির্দেশনা বাস্তবায়ন এবং দেশের গণতান্ত্রিক ধারা সমুন্নত রাখতে সিলেট মহানগর বিএনপি নেতাকর্মীদের নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করবে।

পরে অনুষ্ঠিত দোয়া মাহফিলে দেশের শান্তি ও সমৃদ্ধি, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত এবং বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

দোয়া মাহফিলে মহানগর বিএনপির সহসভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ছাড়াও জেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, জাসাস, ছাত্রদল ও শ্রমিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ