ছবি:সংগৃহীত
জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডের (জেজিটিডিএসএল) নবনিযুক্ত পরিচালক মো. বদরুজ্জামান সেলিমকে সিলেটে উষ্ণ সংবর্ধনা দেওয়া হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) দুপুরে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে দলীয় নেতাকর্মী, জালালাবাদ গ্যাস ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির কর্মকর্তা-কর্মচারীরা তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
বিমানবন্দরে উপস্থিত নেতাকর্মী ও সর্বসাধারণের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে বদরুজ্জামান সেলিম তাঁর ওপর অর্পিত দায়িত্ব সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে পালনের আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, সহসভাপতি মাহবুব কাদির শাহী, সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুল হক চৌধুরীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
এ ছাড়া জালালাবাদ গ্যাসের ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারী, সিলেট রেড ক্রিসেন্ট সোসাইটির কর্মকর্তা-কর্মচারী এবং যুব রেড ক্রিসেন্ট সোসাইটির নেতৃবৃন্দ বিমানবন্দরে উপস্থিত হয়ে তাঁকে অভ্যর্থনা জানান।
বিমানবন্দর থেকে বের হয়ে বদরুজ্জামান সেলিম সরাসরি হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেন। সেখানে আয়োজিত বিশেষ দোয়ায় অংশ নেন তিনি। পরে তিনি হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করেন।
মাজার জিয়ারত শেষে বিকেলে তিনি জালালাবাদ গ্যাসের প্রধান কার্যালয়ে যান। সেখানে প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।
সভায় বদরুজ্জামান সেলিম প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রম আরও গতিশীল করা, গ্রাহকসেবার মানোন্নয়ন এবং দায়িত্বশীলতার সঙ্গে কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন। তিনি প্রতিষ্ঠানের উন্নয়নে কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।
উল্লেখ্য, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ সম্প্রতি পেট্রোবাংলার আওতাধীন জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডের পরিচালনা পর্ষদে পরিচালক হিসেবে মো. বদরুজ্জামান সেলিমকে মনোনয়ন দেয়।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




