ছবি:সংগৃহীত
কিশোর-কিশোরীদের খেলাধুলায় উৎসাহিত করা, সুস্থ জীবনধারা গড়ে তোলা এবং ভবিষ্যৎ ক্রীড়া প্রতিভা খুঁজে বের করার লক্ষ্যে দেশব্যাপী ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭’ আয়োজন করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ও ক্রীড়া পরিদপ্তর। এরই ধারাবাহিকতায় সিলেটের জৈন্তাপুর উপজেলার যোগ্য শিক্ষার্থী ও অভিভাবকদের নিবন্ধন করে প্রতিযোগিতায় অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) দুপুরে জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ সুনন্দা রায় তাঁর অফিসিয়াল ফেসবুক পেজে এ-সংক্রান্ত প্রচারমূলক পোস্ট শেয়ার করেন।
সরকারি নির্দেশনা অনুযায়ী, দেশের সরকারি প্রতিষ্ঠানগুলোতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কার্যক্রমের ব্যাপক প্রচার-প্রচারণা এবং যোগ্য শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।
আয়োজকদের তথ্য অনুযায়ী, ১০ থেকে ১৪ বছর বয়সী শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। যাদের জন্মতারিখ ১ সেপ্টেম্বর ২০১২ থেকে ৩১ আগস্ট ২০১৬-এর মধ্যে, তারা নিবন্ধনের জন্য যোগ্য। তবে দাবা ইভেন্টে ৮ থেকে ১৪ বছর বয়সী শিক্ষার্থীরা অংশ নিতে পারবে।
একজন প্রতিযোগী সর্বোচ্চ দুটি ইভেন্টে অংশগ্রহণ করতে পারবে। প্রতিযোগিতার ইভেন্টগুলোর মধ্যে রয়েছে-ফুটবল, ক্রিকেট, কারাতে, অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, দাবা, মার্শাল আর্ট, সাঁতার, ভলিবল ও টেবিল টেনিস।
নিবন্ধনের জন্য প্রয়োজন হবে অনলাইন ভেরিফাইড জন্মনিবন্ধন সনদ, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রত্যয়নপত্র, ৫ম/৬ষ্ঠ/৮ম শ্রেণির ভর্তি বা রেজিস্ট্রেশন কার্ড, বর্তমান শ্রেণির সত্যায়িত টেস্ট লিস্টের কপি এবং সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি।
আগামী ৩১ আগস্ট ২০২৬ পর্যন্ত নিবন্ধন কার্যক্রম চলবে। আগ্রহী শিক্ষার্থীদের অনলাইনে notunkurisports.gov.bd ওয়েবসাইটে নিবন্ধন করতে বলা হয়েছে।
সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, অভিভাবক ও শিক্ষার্থীদের যোগ্য কিশোর-কিশোরীদের নিবন্ধন এবং প্রতিযোগিতায় অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে। আয়োজকদের প্রত্যাশা, খেলাধুলার মাধ্যমে গড়ে উঠবে সুস্থ, মেধাবী, আত্মবিশ্বাসী ও সম্ভাবনাময় নতুন প্রজন্ম।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




