ছবি:সংগৃহীত
সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার গ্রামাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন এবং শহরের মতো নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিত করতে বিভিন্ন পদক্ষেপ ও পরিকল্পনা গ্রহণ করেছে। এর মাধ্যমে গ্রামের মানুষও যেন শহরের মতো প্রয়োজনীয় সুযোগ-সুবিধা ভোগ করতে পারেন, সে লক্ষ্যেই সরকার কাজ করছে।
তিনি বলেন, সিলেট বিভাগের রাস্তাঘাট ও অবকাঠামো উন্নয়নে ইতোমধ্যে ৫ হাজার ৩০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। জেলা পরিষদ সরকারের গ্রামীণ উন্নয়ন কার্যক্রমকে এগিয়ে নিতে গৃহীত পদক্ষেপ ও পরিকল্পনা বাস্তবায়নে বদ্ধপরিকর।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিয়ানীবাজার উপজেলা অডিটোরিয়ামে জেলা পরিষদের উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন বিষয়ে বিভিন্ন দপ্তরের প্রধান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সুধীজনদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় সভাপতিত্ব করেন বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা মজুমদার।
এর আগে জেলা পরিষদের প্রশাসক বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতাল ফাউন্ডেশনে জেলা পরিষদের পক্ষ থেকে একটি পোর্টেবল এক্স-রে মেশিন প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেন। পরে বিয়ানীবাজার পৌর শহরে জেলা পরিষদের মালিকানাধীন মার্কেট ও পুকুর পরিদর্শন, বিয়ানীবাজার থানা এবং দুবাগ স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শন করেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ আবু জাফর মো. ফায়জুল করিম, উপজেলা প্রশাসনের কর্মকর্তারা এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সাবেক সহসভাপতি আব্দুল মান্নান, সহসভাপতি নজমুল হোসেন পুতুল, মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মহবুব চৌধুরী, সিলেট জেলা জমিয়তের সভাপতি মুফতি মুজিবুর রহমান, বিয়ানীবাজার উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আহমেদ রেজা, পৌর বিএনপির সভাপতি মিজানুর রহমান রুমেল, মহানগর বিএনপি নেতা ফাত্তাহ বকসী, জেলা বিএনপি নেতা সিদ্দিক আহমেদ, উপজেলা জমিয়তের সভাপতি মুফতি আব্দুল করিম হক্কানীসহ বিএনপি, জমিয়ত, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সভায় জেলা পরিষদের চলমান ও প্রস্তাবিত উন্নয়ন প্রকল্প, স্থানীয় অবকাঠামো উন্নয়ন এবং গ্রামীণ জনপদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




