ছবি : সংগৃহীত
সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেট বিভাগে মোট মৃত্যু হলো ১৫১ জনের।
শুক্রবার (২৮ আগস্ট) সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের হালনাগাদ হাম ও রুবেলা রোগের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে সিলেটের দুই শিশু এবং সুনামগঞ্জের এক শিশু রয়েছে। সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৫ মাস বয়সী উদ্ভব বিশ্বাস ও সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৯ মাস ১১ দিন বয়সী আদিলের মৃত্যু হয়। সুনামগঞ্জের হুমায়রা নামের ১১ মাস বয়সী এক শিশু শহিদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে মারা যায়।
প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত সিলেট বিভাগে মোট ১ হাজার ৩১ জনের হাম শনাক্ত হয়েছে। এর মধ্যে সিলেটে ৩৬৬ জন, হবিগঞ্জে ১৫৩ জন, মৌলভীবাজারে ১৫৮ জন এবং সুনামগঞ্জে ৩৫৪ জন রয়েছেন। হবিগঞ্জে শনাক্ত রোগীদের মধ্যে দুজন রুবেলায় আক্রান্ত।
গত ২৪ ঘণ্টায় নতুন করে সন্দেহজনক হাম রোগী হিসেবে হাসপাতালে ভর্তি হয়েছেন ১২৮ জন। এর মধ্যে শহিদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৫৯ জন, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৬০ জন এবং মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ৯ জন ভর্তি হয়েছেন।
বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে মোট ৩৫৬ জন সন্দেহজনক হাম রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে শহিদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৪০ জন, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১১০ জন, রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ১১ জন, নর্থ ইস্ট হাসপাতালে ৪ জন, পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালে ৩৪ জন, সিলেটের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন, জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ২০ জন, সুনামগঞ্জের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন, জামালপুরের ৮ জন এবং মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ২৫ জন চিকিৎসাধীন রয়েছেন।
স্বাস্থ্য বিভাগের হিসাবে, চলতি বছরে এ পর্যন্ত সিলেট বিভাগে সন্দেহজনক হাম রোগে ১৪১ জন এবং নিশ্চিত হাম রোগে ১০ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে হাম ও সন্দেহজনক হামে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৫১ জনে। এর মধ্যে সিলেটে ৫৯, হবিগঞ্জে ২০, মৌলভীবাজারে ১৩ এবং সুনামগঞ্জে ৫৯ জনের মৃত্যু হয়েছে।
জৈন্তাবার্তা/আরআর




