সংগৃহিত
সিলেটের গোয়াইনঘাটে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে ২০২৬ সালে এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টায় গোয়াইনঘাট উপজেলা হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের গোয়াইনঘাট উপজেলা শাখা।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় তথ্য ও মানবাধিকার সম্পাদক তানজিল হোসেন জুয়েল বলেন, শিক্ষার্থীদের মেধা ও নৈতিকতার সমন্বয়ে গড়ে উঠে আগামীর রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। মেধা ও নৈতিকতা একে অপরের পরিপূরক। নৈতিকতা ছাড়া মেধা মূল্যহীন, আবার মেধা ছাড়া কোনো মানুষ সফল হতে পারে না। একইভাবে মেধা ও নৈতিকতা ছাড়া একটি রাষ্ট্রও সুন্দরভাবে পরিচালিত হতে পারে না।
তিনি বলেন, যারা কঠোর অধ্যবসায়ের মাধ্যমে ভালো ফলাফল অর্জন করেছে, তাদের এ সাফল্যের পেছনে মূল কারিগর হলেন মা-বাবা। তাই শিক্ষার্থীদের সবসময় মা-বাবার প্রতি সম্মান ও শ্রদ্ধা বজায় রাখতে হবে।
তানজিল হোসেন জুয়েল আরও বলেন, গ্রামাঞ্চল থেকে পড়াশোনা করে যারা এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে, তারা নিঃসন্দেহে মেধাবী ও পরিশ্রমী। তবে এ সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে। তা না হলে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব হবে না।
গোয়াইনঘাট উপজেলা শাখার সভাপতি হোসাইন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে সেক্রেটারি বুরহান উদ্দিন ও সাকিব আহমদের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন ছাত্রশিবিরের সিলেট জেলা পূর্ব শাখার সাবেক সভাপতি নাজমুল হাসান সিকদার, জেলা শাখার সেক্রেটারি আহবাব হোসেন মুরাদ, প্রকাশনা সম্পাদক আবু সালেহ ইউসুফ, গোয়াইনঘাট উপজেলা জামায়াতের আমির মাওলানা আবুল হোসেন, গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি মনজুর আহমদ, গোয়াইনঘাট উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি তারেক আহমদ, উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক ইমামুজ্জামান বাছিত, অর্থ সম্পাদক ও গোয়াইনঘাট কলেজ শাখার সভাপতি সবুজ আহমদ, অফিস সম্পাদক আব্দুল্লাহ আল মাসুম, ছাত্রশিবির নেতা জাহিদুল ইসলাম, জান্নাত, মোহাম্মদ উল্লাহ, মাসুম ও তামিম আহমদ প্রমুখ।
অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের পক্ষে অনুভূতি প্রকাশ করেন গোয়াইনঘাট বালিকা বিদ্যালয় থেকে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী মারুফা হোসেন ইমু, সোহারহাট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী কুলসুমা আক্তার পপি এবং বিন্নাকান্দি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সাদিয়া মহসিন।
সংবর্ধনা অনুষ্ঠানে তিন শতাধিক কৃতী শিক্ষার্থীর হাতে ক্রেস্ট ও উপহারসামগ্রী তুলে দেন ছাত্রশিবিরের নেতৃবৃন্দ।
জৈন্তা বর্তা / ওয়াদুদ




