ছবি:সংগৃহীত
সিলেট মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সাত নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবাগত রাত থেকে বুধবার (১৮ নভেম্বর) ভোর পর্যন্ত মহানগরীর বিভিন্ন থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, বুধবার রাত ৩টা ১০ মিনিটে কোতোয়ালী মডেল থানা পুলিশ রিকাবীবাজারে সিলেট জেলা স্টেডিয়ামের পূর্ব পাশে শহর সমাজসেবা কার্যালয়ের সামনে অভিযান চালায়। এ সময় স্থানীয় লোকজনের সহায়তায় সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলার তদন্তে সন্দেহভাজন তিনজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন-লিমন আহমেদ (২৫), রাকিব (২১) ও মো. জীবন মিয়া (২৩)। তাঁদের মধ্যে লিমনের স্থায়ী বাড়ি সিলেটের এয়ারপোর্ট থানার কালাগুল সাহেব বাজার এলাকায়। বর্তমানে তিনি নগরের বাগবাড়ী এলাকায় ভাড়া থাকতেন। রাকিবের স্থায়ী বাড়ি এয়ারপোর্ট থানার নয়াবাজার বড়শলা এলাকায়। বর্তমানে তিনি বাদামবাগিচা এলাকায় বসবাস করতেন। আর জীবন মিয়ার বাড়ি সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার ইসলামপুর এলাকায়। তিনি নগরের জল্লারপাড় এলাকায় ভাড়া থাকতেন।
পুলিশের দাবি, গ্রেপ্তার তিনজন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সক্রিয় কর্মী। গত ২০ সেপ্টেম্বর নগরের মির্জাজাঙ্গাল এলাকায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ৩০ থেকে ৪০ জন নেতাকর্মীর ঝটিকা মিছিলের ঘটনায় দায়ের করা মামলার তদন্তে তাঁদের সম্পৃক্ততার প্রাথমিক সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেছে। এ ছাড়া বিভিন্ন সময়ে গোপন বৈঠক, সদস্য সংগ্রহ ও সরকারবিরোধী উসকানিমূলক কর্মকাণ্ডে তাঁদের জড়িত থাকার তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।
প্রাথমিক তদন্তে লিমন আহমেদের বিরুদ্ধে হত্যা ও বিশেষ ক্ষমতা আইনে এবং মো. জীবন মিয়ার বিরুদ্ধে পেনাল কোডে একটি মামলা থাকার তথ্য পাওয়া গেছে বলেও জানায় পুলিশ।
এদিকে মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবাগত রাতে মহানগরীর মোগলাবাজার, দক্ষিণ সুরমা, জালালাবাদ ও এয়ারপোর্ট থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে আরও চারজনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে মোগলাবাজার থানাধীন শ্রীরামপুর বাইপাসগামী সড়কে পেট্রল ঢেলে টায়ারে আগুন জ্বালিয়ে নাশকতার প্রস্তুতিকালে জিল্লুর রহমান (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি নিষিদ্ধ ঘোষিত যুবলীগের সিলেট মহানগরের ৬ নম্বর ওয়ার্ডের সহসভাপতি বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় মোগলাবাজার থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে।
একই দিন সন্ধ্যা ৭টার দিকে দক্ষিণ সুরমা থানাধীন তেলিবাজার-সুনামগঞ্জ বাইপাস এলাকায় জন্মদিন পালনের কথা বলে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কয়েকজন কর্মী একত্রিত হয়ে অবস্থান করছিলেন বলে পুলিশের দাবি। পরে স্থানীয় লোকজনের সহায়তায় গোয়ালগাঁও এলাকা থেকে মাসুক আহমেদ (২০) নামে একজনকে গ্রেপ্তার করা হয়। তিনি মৌলভীবাজার সদর উপজেলার দিঘীরপাড় বাজার এলাকার বাসিন্দা। বর্তমানে নগরের শেখঘাট এলাকায় ভাড়া থাকতেন।
এ ছাড়া মঙ্গলবার দিবাগত রাত পৌনে ১টার দিকে জালালাবাদ থানাধীন আখালিয়া নতুন বাজার এলাকায় অভিযান চালিয়ে মো. রুহেল মিয়া (২৮) নামে একজনকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, তিনি স্বেচ্ছাসেবক লীগের ৩৭ নম্বর ওয়ার্ডের সাবেক সাংগঠনিক সম্পাদক। সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলার সন্দেহভাজন আসামি হিসেবে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
অন্যদিকে, রাত সোয়া ২টার দিকে এয়ারপোর্ট থানাধীন আম্বরখানার হোটেল পলাশ থেকে মো. দেলোয়ার হোসেন (৩৮) নামে আরেকজনকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, তিনি কেন্দ্রীয় ছাত্রলীগের ২০১৯ সালের কমিটির সাবেক সদস্য এবং সিলেট জেলা যুবলীগের সক্রিয় কর্মী। গত ১৭ জুলাই পূর্ব শাহী ঈদগাহের টিবি গেট এলাকায় সরকারবিরোধী উসকানিমূলক স্লোগান দিয়ে ঝটিকা মিছিলের ঘটনায় তাঁর সংশ্লিষ্টতার তথ্য-প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।
এসএমপির গণমাধ্যম কর্মকর্তা ও ডিসি (সিটিএসবি) মো. আফজাল হোসেন বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা নিষিদ্ধ রাজনৈতিক দলের সক্রিয় সদস্য। রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টি ও সরকার উৎখাতের ষড়যন্ত্রে তাঁদের জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। এ ছাড়া থানা রেকর্ডপত্র যাচাই করে তাঁদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলার সংশ্লিষ্টতা পাওয়া গেছে।
গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




