হা/মলা-ভা/ঙচুরের পর বন্ধ টুঙ্গিপাড়া থানার কার্যক্রম, পুড়ে ছাই আসবাব ও পুলিশের গাড়ি
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন

হা/মলা-ভা/ঙচুরের পর বন্ধ টুঙ্গিপাড়া থানার কার্যক্রম, পুড়ে ছাই আসবাব ও পুলিশের গাড়ি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৮/১১/২০২৬ ০৮:৪৪:৩৪ অপরাহ্ন

হা/মলা-ভা/ঙচুরের পর বন্ধ টুঙ্গিপাড়া থানার কার্যক্রম, পুড়ে ছাই আসবাব ও পুলিশের গাড়ি

ছবি:সংগৃহীত


গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার পর গত মঙ্গলবার রাত থেকে থানার স্বাভাবিক কার্যক্রম বন্ধ রয়েছে। বুধবার দুপুরে সরেজমিনে থানায় গিয়ে কোনো পুলিশ সদস্যকে দায়িত্ব পালন করতে দেখা যায়নি। পুড়ে যাওয়া আসবাব, ভাঙা কম্পিউটার, ছড়িয়ে-ছিটিয়ে থাকা কাচের টুকরা ও বিধ্বস্ত কক্ষগুলোতে হামলা ও অগ্নিসংযোগের ক্ষতচিহ্ন স্পষ্ট।

বুধবার দুপুর ১২টার দিকে থানায় গিয়ে দেখা যায়, ভবনের প্রবেশপথের কলাপসিবল গেট বন্ধ থাকলেও তাতে তালা দেওয়া ছিল না। ভেতরে বিভিন্ন কক্ষে ভাঙচুর ও অগ্নিসংযোগের চিহ্ন রয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কক্ষ। সেখানে কয়েকটি চেয়ারের শুধু লোহার কাঠামো এবং একটি রেফ্রিজারেটরের পোড়া অংশ পড়ে থাকতে দেখা যায়।

ডিউটি অফিসারের কক্ষে টেবিলজুড়ে ছড়িয়ে রয়েছে ভাঙা কাচের টুকরা। পাশে একটি ডেস্কটপ কম্পিউটারও ভাঙা অবস্থায় পড়ে আছে। পাশের হাজতখানার তালা ভাঙা এবং দরজা খোলা। ওসির কক্ষসংলগ্ন উপপরিদর্শকদের (এসআই) কার্যালয়ের কম্পিউটারগুলোও ভাঙচুর করা হয়েছে। আগুনে পুড়ে গেছে বই, চেয়ার, টেবিলসহ বিভিন্ন আসবাব।

থানার দোতলায় পুলিশ সদস্যদের ব্যারাকেও একই চিত্র দেখা গেছে। সেখানে পুলিশ সদস্যদের পোশাক, তোশক, কম্বলসহ ব্যক্তিগত জিনিসপত্র ছড়িয়ে-ছিটিয়ে পড়ে রয়েছে। দুই উপপরিদর্শককে সাধারণ পোশাকে নিজেদের জিনিসপত্র খুঁজতে দেখা যায়। নিচতলাতেও দুই পুলিশ সদস্যকে একইভাবে জিনিসপত্র খুঁজতে দেখা গেছে।

এক পুলিশ সদস্য জানান, গতকাল সন্ধ্যার দিকে আটজনকে গ্রেপ্তারের পর স্থানীয় লোকজনের মধ্যে ক্ষোভ তৈরি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ রাবার বুলেট ছোড়ে। এরপর বিক্ষুব্ধ লোকজনকে আর নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। একপর্যায়ে তাঁরা থানায় ঢুকে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন।

বুধবার বেলা তিনটার দিকে থানার দুই পুলিশ সদস্য দুটি ট্রাংক এবং আরেক সদস্য একটি পোড়া মোটরসাইকেল ভ্যানে করে নিয়ে যান। পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, হামলার সময় পুলিশের মোট নয়টি গাড়ি ও ১৫টি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়েছে।

এদিকে থানায় হামলার সময় বেশ কিছু অস্ত্র ছিনিয়ে নেওয়ার ঘটনাও ঘটেছে। পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, ছিনিয়ে নেওয়া অস্ত্রের কিছু ইতিমধ্যে উদ্ধার করা হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বলেন, থানায় পুলিশের নিজস্ব অস্ত্রের পাশাপাশি সাধারণ মানুষের জমা দেওয়া অস্ত্র এবং অন্য জেলা থেকে আসা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের অস্ত্রও ছিল। হামলার সময় এসব অস্ত্রের বেশ কিছু বিক্ষোভকারীরা নিয়ে যান। পরে স্থানীয় কয়েকজন ব্যক্তি ফোন করে কিছু অস্ত্র ফেরত দেন। কিছু অস্ত্র উদ্ধারও করা হয়েছে। এখনো অল্প কয়েকটি অস্ত্র নিখোঁজ থাকতে পারে। তবে গণনা শেষ না হওয়া পর্যন্ত সঠিক সংখ্যা নিশ্চিত করা সম্ভব নয়।

গত মঙ্গলবার সন্ধ্যার পর থানায় অগ্নিসংযোগের ঘটনা ঘটে। আটজনকে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়ার পর এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে থানায় জড়ো হয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

আরিফুল হক চৌধুরীর উদ্যোগে সিলেট-৪ আসনে বড় উন্নয়ন বরাদ্দ
সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু