ছবি:সংগৃহীত
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরশহরে ফুটপাত ও সড়ক অবৈধভাবে দখল করে দোকান বসানোর দায়ে ছয় দোকানিকে ১৩ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৮ নভেম্বর) বিকেলে উপজেলা সদরের পৌরশহরের প্রধান সড়ক টিএনটি সড়কে এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহসীন উদ্দীনের নেতৃত্বে পরিচালিত অভিযানে ফুটপাত ও সড়ক দখল করে ব্যবসা পরিচালনার দায়ে ছয় দোকানিকে মোট ১৩ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহসীন উদ্দীন বিষয়টি নিশ্চিত করে বলেন, জগন্নাথপুর পৌরসভা, আনসার সদস্য ও থানা পুলিশের সার্বিক সহযোগিতায় ফুটপাতের বেশ কয়েকটি অস্থায়ী দোকানপাট উচ্ছেদ করা হয়েছে। জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




