জামিন পেলেন না সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন

সাদিকুল হত্যা মামলা

জামিন পেলেন না সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৩/১১/২০২৬ ০৯:৪৮:৩৫ অপরাহ্ন

জামিন পেলেন না সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ

ছবি:সংগৃহীত


জুলাই আন্দোলনের সময় রাজধানীর উত্তরায় মাদ্রাসাছাত্র সাদিকুল ইসলাম হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের জামিন আবেদন নাকচ করেছেন আদালত। সোমবার (২৩ নভেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহ শুনানি শেষে এ আদেশ দেন।

এর আগে গত ১৭ নভেম্বর দিবাগত রাত ২টার দিকে রাজধানীর উত্তরার ১৩ নম্বর সেক্টরের একটি বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরদিন তাঁকে মাদ্রাসাছাত্র সাদিকুল ইসলাম হত্যা মামলায় আদালতে হাজির করা হলে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়।

সোমবার আদালতে নুরুল ইসলাম নাহিদের পক্ষে জামিন আবেদন করেন তাঁর আইনজীবী সাথী সাহা। শুনানিতে তিনি দাবি করেন, মামলার ঘটনার অনেক আগেই নাহিদ রাজনীতি ও সব ধরনের পেশা থেকে অবসর নিয়েছেন। রাজপথে মিছিল করা কিংবা নেতৃত্ব দেওয়ার মতো বয়স ও ধৈর্য তাঁর নেই। তিনি অসুস্থ ও বয়স্ক। জামিন পেলে তাঁর পালিয়ে যাওয়ার আশঙ্কা নেই বলেও আদালতকে জানান আইনজীবী। এ সময় তাঁর জামিন মঞ্জুরের আবেদন করা হয়।

অন্যদিকে রাষ্ট্রপক্ষে কৌঁসুলি মুহাম্মদ শামছুদ্দোহা সুমন জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন নাকচ করে দেন। প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) হেলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিতে উত্তরার পশ্চিম থানা এলাকায় যান মাদ্রাসাছাত্র সাদিকুল ইসলাম। ওই দিন বিকেল ৩টার দিকে আন্দোলনরত ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগ ওঠে যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। এ সময় আন্দোলনকারীদের ধাওয়া করে মারধরের পাশাপাশি গুলি চালানো হয়। এতে সাদিকুলের পেটে গুলি লাগে।

পরে তাঁকে উদ্ধার করে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২০ জুলাই তাঁর মৃত্যু হয়।

এ ঘটনায় ২০২৪ সালের ১৫ সেপ্টেম্বর আশরাফ সিদ্দিকী বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় হত্যা মামলা দায়ের করেন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

শিক্ষার মানোন্নয়নে দলীয়করণমুক্ত পরিবেশ জরুরি: এমপি লুনা
জামিন পেলেন না সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন, বিজয়ী যারা
সিলেট বিআরটিএতে ঘু/ষ ছাড়া মেলে না ফিটনেস, দুদকের অভিযানে মিলল সত্যতা
জৈন্তাপুরে ১৯টি প্লাস্টিক বি/স্ফো/রক ও নে/শাজাতীয় সিরাপ উ/দ্ধার
গোয়াইনঘাটে চাচাতো ভাইকে ছু/রিকাঘা/তে খু/ন, যুবক আ/টক
বৈরী আবহাওয়ায় থমকে গেছে আমন ধান কাটা-মাড়াই
গোয়াইনঘাটে অ/বৈধ বালু উত্তোলনবি/রোধী অ/ভিযান, ১৭টি লিস্টার মেশিন ধ্বং/স
নৈ/রাজ্য সৃষ্টির অ/পচেষ্টা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে: মন্ত্রী আরিফুল হক
পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’-হু/মকিদাতা ছাত্রলীগ নেতা ফের গ্রে/প্তার