ছবি: সংগৃহীত
প্রভাব খাটিয়ে এক নারীকে সরকারি লাভজনক চুক্তি পাইয়ে দেওয়ার অডিও ফাঁসের পর পদত্যাগ করেছেন পেরুর প্রধানমন্ত্রী আলবার্তো ওতারোলা। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। মঙ্গলবার (৬ মার্চ) তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন।
গত সপ্তাহে পেরুর একটি টিভি চ্যানেলে তাদের দুজনের কথোপকথনের অডিও ক্লিপ প্রচার করা হয়। এরপর বিষয়টি প্রকাশ্যে আসে।
আলবার্তোর সঙ্গে কথোপকথন ফাঁস হওয়া ওই নারীর নাম পিনেডো। তাকে ২০২৩ সালে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দুটি কাজের চুক্তি দেওয়া হয়। এ চুক্তি থেকে তার ১৪ হাজার ডলার উপার্জন হয়।
ফাঁস হওয়া অডিওতে নারীর প্রতি তার ভালোবাসার কথা বলতে শোনা যায়। এছাড়া অডিওতে তাকে সিভি পাঠাতে বলতে শোনা যায়। যদিও অভিযোগ অস্বীকার করেছেন আলবার্তো। তবে অভিযোগের ভিত্তিতে আনুষ্ঠানিক তদন্তও শুরু করা হয়েছে।
আলবার্তো বলেন, রাজনৈতিক বিরোধীরা তাকে ফাঁসিয়েছে। প্রকাশিত অডিওটি ছিল ২০২১ সালের। ওই সময়ে তিনি কোনো সরকারি কর্মকর্তা ছিলেন না। এটি বিরোধী দলের ষড়যন্ত্র। অডিওটি কাটছাট এবং উদ্দেশ্যপ্রণোদিত বলেও মন্তব্য করেন তিনি।
পদত্যাগের ভাষণে আলবার্তো বলেন, যারা আমাকে সবসময় সরকার থেকে সরাতে চেয়েছেন তারা আমার ভাবমূর্তি নষ্ট করতে অডিও সম্পাদনা করতেও দ্বিধা করেননি।
এম সি




