প্রবল ঘূর্ণিঝড়ে রুপ নেয়া রেমাল ধীরে ধীরে উপকূলের দিকে অগ্রসর হচ্ছে। ভারতের আবহাওয়া দফতরের (আইএমডি) পূর্বাভাস মতে, ঘূর্ণিঝড় 'রেমাল' রোববার ( ২৬ মে) বাংলাদেশ ও কলকাতা সংলগ্ন উপকূলে আঘাত হানতে পারে।
এটি বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া প্রাক-বর্ষা মৌসুমের প্রথম ঘূর্ণিঝড়। রেমালের ঝুঁকির কথা মাথায় রেখে কলকাতা বিমানবন্দর এরই মধ্যে ফ্লাইট চলাচল বন্ধ ঘোষণা করেছে।
শনিবার (২৫ মে) কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, বর্তমান ঘূর্ণিঝড় রেমালের পরিস্থিতির কথা বিবেচনা করে কলকাতা বিমানবন্দর ফ্লাইট পরিচালনা ২১ ঘণ্টার জন্য স্থগিত করেছে।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, কলকাতাসহ পশ্চিমবঙ্গের উপকূলীয় অঞ্চলে ঘূর্ণিঝড় রেমালের প্রভাব পড়তে পারে-এমন আশংকায় রোববার দুপুর থেকে সোমবার সকাল ৯টা পর্যন্ত ফ্লাইট চলাচল স্থগিত করা হয়েছে। এই সময়ের মধ্যে আন্তর্জাতিক এবং অভ্যন্তরীণ মোট ৩৯৪ টি ফ্লাইট ওঠা-নামা বন্ধ থাকবে।
এ সময় প্রচণ্ড ঝড়ো হাওয়া এবং ভারী বৃষ্টিপাতের আশংকা রয়েছে বলেও জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।
আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়, রোববার মধ্যরাতে রেমাল পশ্চিমবঙ্গের সাগর দ্বীপ এবং বাংলাদেশের খেপুপাড়ার মধ্যে দিয়ে প্রবাহিত হতে পারে। সঙ্গে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের উপকূলীয় অঞ্চলে ভারী বৃষ্টিপাত এবং ঝড়ো বাতাস বইতে পারে বলে সতর্ক করেছে আইএমডি।
বঙ্গোপসাগরে ২২ মে সৃষ্ট নিম্নচাপটি ধীরে ধীরে ঘূর্ণিঝড় রেমালে পরিণত হয়।
সূত্র: এনডিটিভি
এলএইচ




